রাজধানী

পরিচ্ছন্ন নগরী গড়তে সহযোগিতা চাইলেন ডিএসসিসি প্রশাসক

আপডেট: ফেব ২৮, ২০২৬ : ০৪:৩৯ এএম
পরিচ্ছন্ন নগরী গড়তে সহযোগিতা চাইলেন ডিএসসিসি প্রশাসক

ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)–এর নবনিযুক্ত প্রশাসক আবদুস সালাম। তিনি বলেন, ঢাকা মহানগর দক্ষিণকে ‘ক্লিন সিটি’ হিসেবে গড়তে কাজ শুরু হয়েছে।

শুক্রবার লালবাগের হৃদয় পার্টি সেন্টারে ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আবদুস সালাম বলেন, বাসাবাড়ি ও দোকানের বর্জ্য নির্ধারিত স্থানে রাখতে হবে, সেখান থেকে সিটি কর্পোরেশনের কর্মীরা তা সংগ্রহ করবেন। কোনো বাসা থেকে বর্জ্য সংগ্রহের জন্য ১০০ টাকার বেশি নেওয়া হলে সংশ্লিষ্ট ঠিকাদারের অনুমোদন বাতিল করা হবে বলেও সতর্ক করেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নির্দেশনায় ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর—দুই সিটি কর্পোরেশনকে ‘ক্লিন সিটি’ ও ‘গ্রিন সিটি’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে প্রশাসক বলেন, এ এলাকার খাবার সংস্কৃতি ও ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণে পরিকল্পিত উদ্যোগ নিতে হবে, যাতে দেশি-বিদেশি দর্শনার্থীরা আগ্রহ নিয়ে পুরান ঢাকায় আসেন। এ বিষয়ে দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করবে বলে জানান তিনি।

ঢাকায় মশার উপদ্রব বেড়ে যাওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে কর্পোরেশনের কার্যক্রম জোরদার করা হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!