রাজধানী

মতিঝিলে ট্রাকের ধাক্কায় ২ ব্যবসায়ী নিহত

আপডেট: মার্চ ১০, ২০২৬ : ০৬:৫৮ এএম
মতিঝিলে ট্রাকের ধাক্কায় ২ ব্যবসায়ী নিহত

রাজধানীর মতিঝিলে ট্রাকের ধাক্কায় দুই মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বঙ্গভবনের সামনে স্থানীয় রাস্তায়, যেখানে একটি মুরগির ভ্যান মোড় নেওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়।

এতে আহত মো. রিপন (৪৫) ও মো. সুলতান (৫০)-কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. শাহিন জানান, ভোর চারটার দিকে ভ্যানটি ইউটার্ন নেয়ার সময় ট্রাকটি ধাক্কা দেয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর তারা মারা যান। নিহতরা দুজনই মুরগি ব্যবসায়ী ছিলেন।

নিহত রিপনের বাড়ি শেরপুর জেলার নবীনগর থানায়, বাবার নাম সাখাওয়াত হোসেন। সুলতানের বাড়ি শেরপুর জেলার সদর থানার বেপারির বাড়িতে, বাবার নাম জমশেদ আলী।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!