এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষ্যে বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর সংসদ ভবন এলাকা ও আশপাশের সড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বুধবার (১১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তিদের যাতায়াত থাকবে। ফলে উড়োজাহাজ মোড়, খেজুর বাগান, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন) ক্রসিং এলাকায় স্বাভাবিকের তুলনায় যানবাহনের চাপ বেড়ে যাবে।
ডিএমপি জানিয়েছে, সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত নির্দিষ্ট সড়কে ডাইভারশন কার্যকর করা হবে।
মূল ডাইভারশন ও বিকল্প রুটসমূহ হলো:
ইন্দিরা রোড-বেগম রোকেয়া সরণি: ইন্দিরা রোড থেকে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণিতে যাওয়া যানবাহন ডানে মোড় নিতে পারবে না। এসব যানবাহন সোজা মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে মিরপুর রোড ব্যবহার করে গন্তব্যে পৌঁছাবে।
মানিক মিয়া অ্যাভিনিউ-বেগম রোকেয়া সরণি: মানিক মিয়া অ্যাভিনিউ থেকে খেজুর বাগান হয়ে বেগম রোকেয়া সরণিগামী যানবাহন বামে মোড় না নিয়ে ফার্মগেট হয়ে গন্তব্যে যাবে।
এছাড়া, উড়োজাহাজ মোড় থেকে খেজুর বাগান পর্যন্ত সড়কের উভয় পাশে দক্ষিণমুখী একমুখী যান চলাচল চালু থাকবে।
ডিএমপি নগরবাসীকে যানজট এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছে এবং সবার সহযোগিতা কামনা করেছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!