শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।
আজ সোমবার রাজধানীতে দুদক চেয়ারম্যান বরাবর এ আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর।
আবেদনে বলা হয়, দেশে সাম্প্রতিক সময়ে হামসহ বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হয়ে বহু শিশুর মৃত্যুর ঘটনা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। সরকারি টিকা সরবরাহে ঘাটতি ও ব্যবস্থাপনার দুর্বলতার কারণে পরিস্থিতি জটিল হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।
আইনজীবীরা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে টিকা ক্রয়প্রক্রিয়ায় হঠাৎ পরিবর্তন আনা হলেও তা যথাযথ প্রস্তুতি ছাড়া বাস্তবায়ন করা হয়। ফলে সময়মতো প্রয়োজনীয় টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করা সম্ভব হয়নি। স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ থাকা সত্ত্বেও তা কার্যকরভাবে ব্যবহার না হওয়ার অভিযোগও তোলা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, টিকা সংকটের কারণে দেশে হামের প্রকোপ বেড়েছে এবং এটি মহামারির আকার ধারণ করছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ইতোমধ্যে বহু শিশুর মৃত্যু হয়েছে এবং অনেক শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ পরিস্থিতির জন্য সাবেক নীতিনির্ধারকদের দায় থাকতে পারে বলে উল্লেখ করে আবেদনকারীরা বলেন, স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
জনস্বার্থে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুদকের প্রতি আহ্বান জানানো হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!