দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী সব বিষয়ে পরীক্ষায় অংশ নেয়নি। বোর্ডের তথ্যমতে, নিবন্ধিত পরীক্ষার্থীদের মধ্যে ১০ হাজারের বেশি শিক্ষার্থী সব বিষয়ে পরীক্ষা দেয়নি।
ঢাকা শিক্ষা বোর্ড সূত্র জানায়, বোর্ডের অধীনে মোট নিবন্ধিত পরীক্ষার্থী ছিল ৮৭ হাজার ৯৪৯ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৮০ হাজার ২১৮ জন, যা মোট পরীক্ষার্থীর ৯১ দশমিক ২ শতাংশ। অর্থাৎ নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে ৭ হাজার ৭৩১ জন পরীক্ষায় অংশ নেয়নি।
এ ছাড়া যারা পরীক্ষায় অংশ নিয়েছে, তাদের মধ্যেও সবাই সব বিষয়ে পরীক্ষা দেয়নি। বোর্ডের হিসাব অনুযায়ী, সব বিষয়ে পরীক্ষায় অংশ নিয়েছে ৭৭ হাজার ৯১৯ জন শিক্ষার্থী। ফলে পরীক্ষায় অংশ নিলেও এক বা একাধিক বিষয়ে অনুপস্থিত ছিল এমন শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় ১০ হাজার ৩০ জন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ১১ দশমিক ৪ শতাংশ।
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সোমবার (১৯ জানুয়ারি) জানান, আপাতত ঢাকা বোর্ডের অংশগ্রহণসংক্রান্ত তথ্য চূড়ান্ত করা হয়েছে। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের পূর্ণাঙ্গ পরিসংখ্যান এখনো হাতে আসেনি।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ঢাকা বোর্ডের পর রাজশাহী শিক্ষা বোর্ডে সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। এ বোর্ডে পরীক্ষার্থী ছিল ৪৩ হাজার ৬৬০ জন। কুমিল্লা ও দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রায় সমানসংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে—কুমিল্লায় ৪০ হাজার ২১৯ জন এবং দিনাজপুরে ৪০ হাজার ২৩১ জন।
এরপর যশোর শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল ৩৮ হাজার ৬৬ জন। চট্টগ্রাম বোর্ডে অংশ নিয়েছে ২৯ হাজার ৫ জন শিক্ষার্থী। ময়মনসিংহ ও সিলেট শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল কাছাকাছি—ক্রমশ ২৩ হাজার ২০০ জন ও ২৩ হাজার ২২ জন।
সবচেয়ে কম পরীক্ষার্থী ছিল বরিশাল শিক্ষা বোর্ডে। এ বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছিল ২০ হাজার ৬২৯ জন শিক্ষার্থী।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!