শিক্ষা

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আপডেট: জানু ২০, ২০২৬ : ০৫:১০ এএম ১৯
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) সব ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলমান উত্তেজনা ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল সোমবার (১৯ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে নিয়মিত একাডেমিক কার্যক্রম পরিচালনা করা অনুকূল নয়। পরিস্থিতি স্বাভাবিক করা এবং দ্রুত শিক্ষাকার্যক্রম শুরু করতে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা চালানো হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ক্লাস স্থগিত থাকবে।

এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের সহকারী অধ্যাপক লায়েকা বশীরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। তাঁর বিরুদ্ধে হিজাব ও নিকাব নিয়ে অবমাননাকর মন্তব্য, মুসলিম নারী শিক্ষার্থীদের প্রকাশ্যে অপমান, বৈষম্যমূলক আচরণ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ওঠে।

এ ছাড়া একই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. এ. এস. এম. মহসিনকে আওয়ামী রাজনৈতিক পক্ষপাতমূলক কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার করা হয়। তবে দুই শিক্ষককে বহিষ্কারের পরও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

এর আগে ১৮ জানুয়ারি সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, হিজাব ও নিকাব পরার কারণে মুসলিম নারী শিক্ষার্থীদের ক্লাসে অপমান করা হয়েছে। তাঁদের অভিযোগে আরও রয়েছে, ইসলামের বিধান নিয়ে কটূক্তি, মানসিক নির্যাতন, নামাজে বাধা, নিকাব খুলতে চাপ সৃষ্টি এবং পরীক্ষায় বৈষম্যমূলক নম্বর প্রদান। এসব ঘটনার ভিডিও প্রমাণ তাঁদের কাছে রয়েছে বলেও জানান শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনার মাধ্যমে সংকট নিরসনে চেষ্টা চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষাকার্যক্রম পুনরায় শুরুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!