শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন পরীক্ষা কাঠামো

আপডেট: ফেব ০৮, ২০২৬ : ০৬:৩২ এএম ৪৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন পরীক্ষা কাঠামো

স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের পরীক্ষা পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সংশোধিত রেগুলেশন অনুযায়ী ৪, ৩ ও ২ ক্রেডিট কোর্সের জন্য আলাদা সময়, নম্বর বণ্টন ও প্রশ্নপত্রের কাঠামো নির্ধারণ করে নতুন নির্দেশিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই নির্দেশনা প্রকাশ করা হয়। নতুন পদ্ধতিতে ধারাবাহিক মূল্যায়ন ও চূড়ান্ত পরীক্ষার সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

নির্দেশিকা অনুযায়ী, ৪ ক্রেডিট কোর্সে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে ধারাবাহিক মূল্যায়নে থাকবে ২০ নম্বর এবং চূড়ান্ত পরীক্ষা হবে ৮০ নম্বরের। চূড়ান্ত পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ৪ ঘণ্টা। প্রশ্নপত্রে পাঠ্যসূচির সব অধ্যায় থেকে বিশ্লেষণধর্মী, ধারণাভিত্তিক, সংখ্যাগত ও সমালোচনামূলক বিস্তৃত প্রশ্ন থাকবে। মোট ১২টি প্রশ্নের মধ্যে শিক্ষার্থীদের ৮টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হবে ১০ নম্বর এবং একটি প্রশ্ন সর্বোচ্চ তিনটি উপ-প্রশ্নে বিভক্ত করা যাবে।

এই কোর্সে ধারাবাহিক মূল্যায়নের ২০ নম্বর বণ্টন করা হয়েছে অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশন বা কুইজে ৫, ক্লাসে উপস্থিতিতে ৫ এবং দুটি ইন-কোর্স পরীক্ষার গড় হিসেবে ১০ নম্বর।

৩ ক্রেডিট কোর্সে মোট নম্বর নির্ধারণ করা হয়েছে ৭৫। এর মধ্যে ধারাবাহিক মূল্যায়ন ১৫ এবং চূড়ান্ত পরীক্ষা ৬০ নম্বরের। পরীক্ষার সময় ৩ ঘণ্টা। প্রশ্নপত্রে পাঠ্যসূচির সব অধ্যায় থেকে বিস্তৃত প্রশ্ন থাকবে। মোট ৯টি প্রশ্নের মধ্যে ৬টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১০ নম্বর এবং সর্বোচ্চ তিনটি উপ-প্রশ্ন থাকবে।

৩ ক্রেডিট কোর্সে ধারাবাহিক মূল্যায়নের ১৫ নম্বরের মধ্যে অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশন বা কুইজে ৪, ক্লাসে উপস্থিতিতে ৩ এবং দুটি ইন-কোর্স পরীক্ষার গড় হিসেবে ৮ নম্বর রাখা হয়েছে।

২ ক্রেডিট কোর্সে মোট নম্বর ৫০। এর মধ্যে ধারাবাহিক মূল্যায়ন ১০ এবং চূড়ান্ত পরীক্ষা ৪০ নম্বরের। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ২ ঘণ্টা। প্রশ্নপত্রে পাঠ্যসূচির সব অধ্যায় থেকে বিস্তৃত প্রশ্ন থাকবে। মোট ৬টি প্রশ্নের মধ্যে শিক্ষার্থীদের ৪টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হবে ১০ নম্বর।

এই কোর্সে ধারাবাহিক মূল্যায়নের ১০ নম্বরের মধ্যে অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশন বা কুইজে ৩, ক্লাসে উপস্থিতিতে ২ এবং দুটি ইন-কোর্স পরীক্ষার গড় হিসেবে ৫ নম্বর নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই পরীক্ষা কাঠামোর মাধ্যমে শিক্ষার্থীদের ধারাবাহিক শিক্ষায় যুক্ত করা এবং মুখস্থনির্ভরতার পরিবর্তে বিশ্লেষণধর্মী শেখার প্রবণতা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!