শিক্ষা

রাজধানীর সাত সরকারি কলেজ মিলিয়ে গঠিত হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

আপডেট: ফেব ০৯, ২০২৬ : ০৬:০৬ এএম
রাজধানীর সাত সরকারি কলেজ মিলিয়ে গঠিত হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

রাজধানীর ঐতিহ্যবাহী সাতটি সরকারি কলেজকে একীভূত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির বিশেষ আদেশে প্রণীত এই অধ্যাদেশের মাধ্যমে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজসহ সাতটি বড় শিক্ষাপ্রতিষ্ঠান নতুন বিশ্ববিদ্যালয়ের ‘সংযুক্ত কলেজ’ হিসেবে পরিচালিত হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুযায়ী জরুরি অবস্থার ভিত্তিতে এই অধ্যাদেশ কার্যকর করেছেন। অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অধীনে যুক্ত কলেজগুলো তাদের নিজস্ব নাম, ঐতিহ্য, অবকাঠামো ও সম্পত্তি আগের মতোই বজায় রাখবে।

সংযুক্ত কলেজগুলো হলো—

ঢাকা কলেজ

ইডেন মহিলা কলেজ

সরকারি তিতুমীর কলেজ

সরকারি বাঙলা কলেজ

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ

কবি নজরুল সরকারি কলেজ

অধ্যাদেশ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সাময়িকভাবে ভাড়া করা ভবন বা উপযুক্ত স্থানে পরিচালিত হবে যতক্ষণ পর্যন্ত নিজস্ব ক্যাম্পাস স্থাপন করা সম্ভব না হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষাদান, পাঠ্যক্রম নির্ধারণ, সনদ প্রদান, উচ্চতর গবেষণা, প্রশিক্ষণ ও শিল্প-একাডেমি সংযোগে স্বায়ত্তশাসিতভাবে কার্যক্রম চালাবে।

নতুন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদে থাকবেন আচার্য, যিনি পদাধিকারবলে রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ থাকবেন। উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে থাকবেন রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, প্রভোস্ট, গ্রন্থাগারিক এবং বিভিন্ন স্কুল ও সেন্টারের প্রধান।

বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য ‘সিন্ডিকেট’ হবে নির্বাহী সংস্থা, যা উপাচার্যের নেতৃত্বে পরিচালিত হবে। শিক্ষার বিষয় তদারকির জন্য ‘একাডেমিক কাউন্সিল’ গঠন করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের কল্যাণে আধুনিক ছাত্র-শিক্ষক কেন্দ্র ও নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা থাকবে।

অধ্যাদেশে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থান নির্বিশেষে সকল শিক্ষার্থী এবং বিদেশি ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত থাকবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) একাডেমিক ও আর্থিক কার্যক্রম তদারকির পাশাপাশি প্রয়োজনে তদন্ত ও পরিদর্শন করতে পারবে।

এর আগে, ২০২৫ সালের ২৬ মার্চ ইউজিসি সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশ করেছিল। পরবর্তী সময়ে ২০২৫ সালের ১২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি প্রত্যাহার করা হয় এবং কলেজগুলো নতুন বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হয়।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!