শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, পাঠ্যপুস্তক প্রণয়নে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা অনুসরণ করে উন্নত দেশের মানদণ্ড অনুযায়ী কাজ করা হবে। বিশেষ করে ইতিহাসের বই তৈরিতে একাধিক স্তরের ইতিহাসবিদদের মতামত নেওয়া হবে। অতীতের ভুল নয়, ভবিষ্যতের সঠিক প্রস্তুতি নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পর বুধবার প্রতিমন্ত্রী বলেন, “দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে বিস্তারিত আলোচনা করা সম্ভব হয়নি। তবে শিক্ষা সংস্কার নিয়ে ধারাবাহিকভাবে গণমাধ্যম ও সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ চলবে। যে কোনো পাঠ্যপুস্তক প্রণয়নে বিশ্বমানের পদ্ধতি অনুসরণ করা হবে।”
ইতিহাসের পাঠ্যপুস্তক প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, “একাধিক পর্যায়ের ইতিহাসবিদদের সম্পৃক্ত করে বই প্রস্তুত করা হবে। অতীতে কী ভুল হয়েছে, তা নিয়ে না ভেবে ভবিষ্যতের শিক্ষার্থীর জন্য সঠিক পদক্ষেপ নেওয়াই আমাদের অগ্রাধিকার।”
তিনি আরও জানান, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা—শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে সংস্কারের প্রয়োজন রয়েছে এবং সে লক্ষ্য নিয়ে কাজ শুরু হয়েছে।
বক্তব্যে প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান-এর স্বপ্নের কথাও উল্লেখ করে বলেন, দেশের ২০ কোটি মানুষের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। এমন একটি ব্যবস্থা গড়ে তোলা হবে যা বিশ্বমানের হবে এবং ভবিষ্যতে বিদেশি শিক্ষার্থীরাও বাংলাদেশে পড়তে আগ্রহী হবে।
এসময় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনসহ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!