নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, নকল এবং প্রশ্নপত্র ফাঁস আর কখনো ফিরে আসবে না। অতীতে দায়িত্ব পালনের সময় নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং এবারও শিক্ষাঙ্গণে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও বিশ্বমানের করতে সমন্বিত সংস্কার উদ্যোগ নেওয়া হবে। কারিকুলাম পর্যালোচনা করা হবে, ডিজিটাল লিটারেসি ও ইংরেজি দক্ষতায় গুরুত্ব দেওয়া হবে। চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা অনুযায়ী ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স শিক্ষায় অন্তর্ভুক্তি করা হবে।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “‘ব্যাকডেটেড’ শিক্ষা ব্যবস্থা নিয়ে এগোনো যাবে না। বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ—আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এজন্য ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর, প্রযুক্তিনির্ভর দক্ষতা ও আধুনিক জ্ঞানভিত্তিক কারিকুলাম প্রণয়নে কাজ করা হবে।”
শিক্ষা মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্পর্কেও তিনি জানিয়েছেন, অতীতে কে কী করেছে, তার জবাবদিহি হবে না, তবে তার সময়ে কোনও দুর্নীতি হয়নি এবং এবারও হবে না। এমপিওভুক্তি ও শিক্ষা প্রতিষ্ঠান ভুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগের বিষয়টি প্রয়োজনীয় খোঁজখবরের পর পরবর্তী সময়ে জানানো হবে।
বেসরকারি শিক্ষকদের বেতন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি সরকারের নজরে রয়েছে এবং সময় হলে সিদ্ধান্ত জানানো হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!