শিক্ষা

সরকার শিক্ষাকে আর খরচের খাত হিসেবে দেখবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

আপডেট: ফেব ১৯, ২০২৬ : ০৮:১৩ এএম
সরকার শিক্ষাকে আর খরচের খাত হিসেবে দেখবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, সরকার শিক্ষাকে আর খরচের খাত হিসেবে দেখবে না। শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ, মানবসম্পদের মূল কারখানা এবং জাতি-গঠনের প্রধান প্রকল্প।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গত বছরগুলোতে শিক্ষা খাতে বরাদ্দ মোট বাজেটের প্রায় ১২ শতাংশের আশেপাশে এবং জিডিপির দেড়-দুই শতাংশের কাছাকাছি ছিল। তবে প্রধানমন্ত্রীর নীতিগত অবস্থান অনুযায়ী শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে নিয়ে যাওয়া আমাদের নির্বাচনী অঙ্গীকার।” তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক মানদণ্ডে শিক্ষা খাতে জিডিপির ৪-৬ শতাংশ এবং সরকারি ব্যয়ের ১৫-২০ শতাংশ বরাদ্দ প্রয়োজন।

প্রতিমন্ত্রী বলেন, শুধু বরাদ্দ বাড়ানোই যথেষ্ট নয়, বরং খরচের গুণগত মান উন্নত করতে হবে। উন্নয়ন বাজেটের বাস্তবায়নে শেষ ত্রৈমাসিকে হুড়োহুড়ি বন্ধ করতে হবে। শিক্ষক প্রশিক্ষণ, প্রতিষ্ঠান শক্তিশালী করা, বিজ্ঞানাগার, গ্রন্থাগার, ভাষা ল্যাব, ডিজিটাল কনটেন্ট ও স্কুল অবকাঠামো—বিশেষ করে পানি, স্যানিটেশন ও নিরাপত্তা—এগুলো নিশ্চিত করা হবে।

তিনি বলেন, সরকার “ওয়ান টিচার, ওয়ান ট্যাব” পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালাতে চায়। ফ্রি ওয়াই-ফাই, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ডিজিটাল শিক্ষণ কনটেন্টকে শুধুমাত্র গ্যাজেট নয়, বরং শিক্ষণ-শেখার অপারেটিং সিস্টেম হিসেবে বাস্তবায়ন করা হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি আন্তর্জাতিক ভাষা শেখানো হবে, স্কুলগুলোতে ইনোভেশন স্পেস তৈরি করা হবে এবং মাধ্যমিক পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। লক্ষ্য থাকবে শুধু সনদ নয়, শিক্ষার্থীর সক্ষমতা অর্জন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!