ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেছেন, সর্বস্তরে বাংলা ভাষা চালু করার সরকারি উদ্যোগ থাকা সত্ত্বেও তা আরও বাড়ানো প্রয়োজন। তিনি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) শহীদ মিনার প্রাঙ্গণে এ মন্তব্য করেন।
উপাচার্য বলেন, “বাংলা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও প্রশাসন, শিক্ষা, বিচারব্যবস্থা এবং দৈনন্দিন প্রাতিষ্ঠানিক চর্চায় এখনো সর্বস্তরে বাংলা ব্যবহার নিশ্চিত হয়নি। এটি কেবল আনুষ্ঠানিক বিষয় নয়, মানসিক ও সাংস্কৃতিক অঙ্গীকারেরও প্রশ্ন।”
তিনি আরও বলেন, “সর্বস্তরে বাংলা চালু করা একটি চর্চার বিষয়। সরকারি পর্যায়ে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, তবে তা আরও বৃদ্ধি করা প্রয়োজন।”
নিয়াজ আহমেদ খান স্মরণ করিয়ে দেন, ১৯৫২ সালের ভাষা শহীদদের আত্মত্যাগ কেবল ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ছিল না, এটি আত্মপরিচয় ও সাংস্কৃতিক মর্যাদা রক্ষার লড়াইও ছিল। তিনি বলেন, “ভাষা আন্দোলনের চেতনা কেবল স্মরণে সীমাবদ্ধ থাকলে চলবে না। বাংলা ভাষাসহ সব মাতৃভাষার মর্যাদা রক্ষায় নিয়মিত চর্চা ও প্রাতিষ্ঠানিক প্রতিশ্রুতিই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।”
উপাচার্য জানান, জাতির পক্ষ থেকে এই আয়োজনের দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় পালন করে এবং এ বছর অনুষ্ঠানটি তুলনামূলকভাবে নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!