শিক্ষা

টেলিভিশন ও বিভিন্ন আলোচনায় বাংলা বিকৃত হচ্ছে: শিক্ষামন্ত্রী

আপডেট: ফেব ২১, ২০২৬ : ০৬:১৮ এএম
টেলিভিশন ও বিভিন্ন আলোচনায় বাংলা বিকৃত হচ্ছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, “টেলিভিশন ও বিভিন্ন আলোচনায় বাংলা বিকৃত হচ্ছে। বানান ও ব্যাকরণের চর্চা কমে যাচ্ছে। ভাষা আধুনিক হবে, কিন্তু বিকৃত হওয়া উচিত নয়।”

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী ভাষার গুরুত্ব তুলে ধরে বলেন, “বাংলা আমাদের মাতৃভাষা, প্রথম ভাষা হিসেবে এর গুরুত্ব অটুট। চিন্তা, জ্ঞান বিতরণ, অনুভব সবকিছুর শুরু মাতৃভাষা দিয়ে। বিদেশে ইংরেজিতে কথা বললেও মনের ভেতর অনেকে বাংলাতেই ভাবেন।”

তিনি বলেন, “পৃথিবীতে প্রায় ৩০০ মিলিয়ন মাতৃভাষা রয়েছে। এগুলোর সংরক্ষণ জরুরি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দায়িত্ব আমাদের ওপরই বর্তেছে। বাংলাদেশে প্রায় ৬৫টির বেশি ভাষা রয়েছে, সেগুলোকেও সংরক্ষণ করতে হবে।”

শিক্ষামন্ত্রী ইংরেজি, আরবি ও অন্যান্য ভাষার প্রাধান্য সম্পর্কেও মন্তব্য করেন। তিনি বলেন, “আমাদের দেশে ইংরেজিকে দ্বিতীয় ভাষা করা হয়েছে। তবে মাদরাসাগুলোতে আরবিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেখানে ইংরেজি বা বাংলাকে কিভাবে সমন্বয় করা হবে, সে বিষয়ে কার্যকর সিদ্ধান্ত হয়নি। যা আছে তাই চলছে।”

পাঠ্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, “বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে ২০০ নম্বর, ইংরেজিতেও ২০০ নম্বর। এটি শিক্ষার্থীদের ওপর চাপ হয়ে যাচ্ছে কি না, তা ভাবার বিষয়। কোন বিষয়ে কোন ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে, সেটিও নির্ধারণ করা দরকার।”

শিক্ষামন্ত্রী ১৯৫২ সালের প্রেক্ষাপট স্মরণ করে বলেন, “বাংলা ভাষার মাধ্যমেই আমরা স্বাধীনতা অর্জন করেছি। তাই সার্বভৌমত্বকে শক্তিশালী করতে ভাষার মর্যাদা রক্ষা জরুরি।”

আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!