কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা ১৬নং রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়।
ক্যাম্পের ডি-৪ ব্লকের ব্র্যাক পরিচালিত একটি লার্নিং সেন্টার থেকে আগুন ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী শেডে বিস্তার লাভ করে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্যাম্প প্রশাসন সূত্রে জানা গেছে, আগুনে ৩টি ব্লকের ৪৫০টি ঘর, ১০টি শিখন কেন্দ্র, ২টি মসজিদ ও ১টি মাদরাসা পুড়ে গেছে। পুড়ে যাওয়া ঘরগুলোতে অন্তত ৩ হাজার রোহিঙ্গা বাস করতেন। কেউ হতাহত না হলেও আগুনে আবাসন হারিয়ে রোহিঙ্গারা বিপাকে পড়েছেন।
ডি-৪ ব্লকের সাব মাঝি মোহাম্মদ হাশেম বলেন, “রাতের চিৎকারে ঘর থেকে বের হতে হয়, সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমার সাব ব্লকের একটি ঘরও অবশিষ্ট নেই।”
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণে কাজ করেছে। ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, আগুনে ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয়। গত বছর ডিসেম্বরে কুতুপালং ও ৪ নম্বর ক্যাম্পেও আগুনে হাসপাতাল ও ঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!