বিশেষ প্রতিবেদন

যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ মেট্রিক টন গম কিনবে বাংলাদেশ

আপডেট: জানু ২৬, ২০২৬ : ০৫:৩৫ পিএম ১০
যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ মেট্রিক টন গম কিনবে বাংলাদেশ

খাদ্য নিরাপত্তা জোরদার এবং দ্বিপাক্ষিক বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্র থেকে বছরে সর্বোচ্চ ৭ লাখ মেট্রিক টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে আগে সই হওয়া সমঝোতা স্মারকের আওতায় গম আমদানি কার্যক্রম চলছে।

আজ সোমবার (২৬ জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন। এ সময় তিনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান ও খাদ্য সচিব মো. ফিরোজ সরকারের সঙ্গে বন্দর এলাকায় চলমান গম খালাস কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্রায় ৬০ হাজার মেট্রিক টন উচ্চমানের গমের আগমন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ওয়াশিংটন, ওরেগন ও আইডাহো অঙ্গরাজ্য থেকে প্রায় ১ লাখ ১৫ হাজার মেট্রিক টন সফট হোয়াইট জাতের গম এবং মনটানা ও নেব্রাস্কা থেকে প্রায় ৬০ হাজার মেট্রিক টন হার্ড রেড উইন্টার জাতের গম আমদানি করা হবে। বর্তমানে বাংলাদেশ বছরে মোট চাহিদার মাত্র প্রায় ১৩ শতাংশ গম উৎপাদন করতে সক্ষম।

এর আগে গত বছরের জুলাই মাসে খাদ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ কর্তৃক মনোনীত গমচাষিদের বাণিজ্য সংগঠন ইউএস হুইট অ্যাসোসিয়েটসের (ইউএসডব্লিউএ) সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করে। ওই সমঝোতার আওতায় ২০৩০ সাল পর্যন্ত বাংলাদেশ প্রতি বছর সর্বোচ্চ ৭ লাখ মেট্রিক টন যুক্তরাষ্ট্রের গম কিনবে।

চুক্তির আওতায় আন্তর্জাতিক পণ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্পের মাধ্যমে তিনটি পৃথক বিক্রয় চুক্তিতে বাংলাদেশ আনুমানিক ৬ লাখ ৬০ হাজার মেট্রিক টন গম ক্রয় করেছে। এর মধ্যে ইতোমধ্যে ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টনেরও বেশি গম দেশে পৌঁছেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!