বিশেষ প্রতিবেদন

কর কর্মকর্তার ১৪ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ, মামলায় বাবা–মাও আসামি

আপডেট: মার্চ ১১, ২০২৬ : ০৬:২০ এএম
কর কর্মকর্তার ১৪ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ, মামলায় বাবা–মাও আসামি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক কর কর্মকর্তার বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানে প্রায় সাড়ে ১৪ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়ার পর ওই কর্মকর্তা এবং তাঁর বাবা–মাকে আসামি করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, অভিযুক্ত কর কর্মকর্তা হলেন মোসা. তানজিনা সাথী, যিনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)–এর কর বিভাগের সহকারী কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর বিরুদ্ধে দায়িত্ব পালনের সময় ঘুষ ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ ওঠে।

গত ১০ মার্চ ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে তানজিনা সাথী এবং তাঁর বাবা–মায়ের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করে দুদক।

বাবার নামে ৭ কোটি টাকার বেশি সম্পদ

দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, তানজিনা সাথীর বাবা মো. মোশারফ হোসেন মল্লিক–এর নামে ৭ কোটি ৮৮ লাখ ২৮ হাজার ৬৫৫ টাকার সম্পদের দালিলিক প্রমাণ পাওয়া গেছে, যার কোনো বৈধ উৎস দেখাতে পারেননি তিনি।

অনুসন্ধানে দেখা গেছে, তাঁর নামে ৩ লাখ ২৯ হাজার টাকার স্থাবর সম্পদ এবং প্রায় ৪ কোটি ৭৫ লাখ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। আয়কর নথিতে বিভিন্ন খাতে ব্যয় দেখানো হয়েছে ৪ কোটি ১৭ লাখ টাকার বেশি। সব মিলিয়ে প্রায় ৮ কোটি ৯৫ লাখ টাকার সম্পদের বিপরীতে বৈধ উৎস হিসেবে দেখানো হয়েছে মাত্র ১ কোটি ৭ লাখ টাকার কিছু বেশি।

দুদকের মতে, মেয়ের অবৈধ অর্থ বৈধ করার উদ্দেশ্যেই বাবার নামে এসব সম্পদ গড়ে তোলা হয়েছে।

মায়ের নামেও অবৈধ সম্পদের অভিযোগ

তানজিনা সাথীর মা মোসা. রাণী বিলকিস–এর নামেও ১ কোটি ৫৬ লাখ ৫৮ হাজার ৫৬৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর–অস্থাবর সম্পদের তথ্য পেয়েছে দুদক। অভিযোগ অনুযায়ী, নিজের অবৈধ আয় আড়াল করতে মায়ের নাম ব্যবহার করেছেন ওই কর কর্মকর্তা।

নিজের নামেও ৫ কোটি টাকার বেশি

দুদকের অনুসন্ধানে তানজিনা সাথীর নিজের নামেও রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে। তাঁর নামে ৩ কোটি ১৫ লাখ টাকার স্থাবর সম্পদ এবং ২ কোটি ৩৩ লাখ ৪৪ হাজার টাকার অস্থাবর সম্পদের প্রমাণ পাওয়া যায়। পারিবারিক ও অন্যান্য ব্যয় হিসাব করলে মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ৫ কোটি ৭৯ লাখ টাকার বেশি।

এর বিপরীতে তিনি মাত্র ৭৯ লাখ টাকার বৈধ উৎস দেখাতে পেরেছেন। ফলে প্রায় ৫ কোটি টাকার সম্পদ জ্ঞাত আয়বহির্ভূত বলে উল্লেখ করেছে দুদক।

সব মিলিয়ে তানজিনা সাথী ও তাঁর বাবা–মায়ের নামে ১৪ কোটি ৪৫ লাখ টাকার বেশি অবৈধ সম্পদের অভিযোগে তিনটি মামলা করা হয়েছে।

মামলাগুলো দায়ের করেছেন দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন–২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭–এর ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!