টানা ছয় ম্যাচে হারের পর দুটি জয় পেয়ে প্লে-অফের স্বপ্ন দেখতে শুরু করেছিল নোয়াখালী এক্সপ্রেস। তবে সেই আশা আর দীর্ঘ হলো না। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের কাছে ৫ উইকেটে হেরে প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে বিদায় নিল নোয়াখালী।
মিরপুরে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নোয়াখালী ২০ ওভারে সব উইকেট হারিয়ে তোলে মাত্র ১২৯ রান। জবাবে ১৮ বল হাতে রেখেই লক্ষ্য পূরণ করে ফেলে চট্টগ্রাম।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও চট্টগ্রামের শুরুটা ভালো হয়নি। দলীয় ২৯ রানের মধ্যে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। তবে পঞ্চম উইকেটে অধিনায়ক শেখ মেহেদী হাসান ও হাসান নেওয়াজ ৪০ রানের জুটি গড়ে ইনিংস সামাল দেন। পরে আসিফ আলীকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন মেহেদী হাসান।
চট্টগ্রামের হয়ে অধিনায়ক শেখ মেহেদী হাসান অপরাজিত ৪৯ রান করেন। আসিফ আলী করেন ৩৬ রান। এ ছাড়া মোহাম্মদ নাঈম শেখ ১৮, হাসান নেওয়াজ ১১ ও মোহাম্মদ হারিস ৭ রান যোগ করেন। মাহমুদুল হাসান জয় ও মাহফিজুল ইসলাম রানের খাতা খুলতে পারেননি।
এর আগে নোয়াখালীর ইনিংসে শুরুটা তুলনামূলক ভালো হলেও তা ধরে রাখতে পারেনি দলটি। ৩.১ ওভারে ৩৪ রান তুলে ওপেনার সৌম্য সরকার ১৪ রানে আউট হন। এরপর একে একে উইকেট হারাতে থাকে নোয়াখালী। পুরো ইনিংসে মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। জাকের আলী ২৩ ও সাব্বির হোসেন ২২ রান করেন।
চট্টগ্রামের পক্ষে দুর্দান্ত বোলিং করেন শরিফুল ইসলাম। ৩.৫ ওভারে ৯ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। পাওয়ার প্লের শেষ ওভারে হাসান ইসাখিলকে আউট করার পর ইনিংসের শেষদিকে পরপর উইকেট তুলে নেন এই পেসার। নিজের শেষ ওভারে সাব্বির হোসেন ও ইহসানউল্লাহকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন।
এই মৌসুমে এটি শরিফুল ইসলামের দ্বিতীয় সেরা বোলিং। এর আগে নোয়াখালীর বিপক্ষেই সিলেটে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন নাসুম আহমেদ। চলতি আসরে প্রথম পাঁচ উইকেট নিয়েছিলেন রংপুর রাইডার্সের ফাহিম আশরাফ।
এই হারের মধ্য দিয়ে এবারের বিপিএলে নোয়াখালীর বিদায় নিশ্চিত হয়, আর চট্টগ্রাম প্লে-অফের লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল।
আরএস
No comments yet. Be the first to comment!