খেলাধুলা

এখনো প্লে-অফের স্বপ্ন দেখছে ঢাকা ক্যাপিটালস

আপডেট: জানু ১৭, ২০২৬ : ০৬:২০ এএম ২১
এখনো প্লে-অফের স্বপ্ন দেখছে ঢাকা ক্যাপিটালস

চলমান বিপিএলে মাঠের পারফরম্যান্সে খুব ভালো করতে পারছে না ঢাকা ক্যাপিটালস। এর ফলে দলের জন্য শেষ চারে খেলার সম্ভাবনা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে মিরপুরে খেলা হওয়াটা এবার দলটির বড় শক্তি হিসেবে কাজ করতে পারে। দলের ক্রিকেটার আব্দুল্লাহ আল মামুন মনে করেন, ঢাকাকে নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে দেখা যেতে পারে। আজ (শনিবার) ঢাকা ক্যাপিটালস রংপুর রাইডার্সের মুখোমুখি হবে।

মামুন বলেন, “অবশ্যই এটা আমাদের হোম গ্রাউন্ড বলতে গেলে। আমরা যেহেতু ঢাকা দল, আমাদের অনেক সমর্থক আসবেন, এটা আমাদের জন্য খুব ভালো।” তিনি আরও যোগ করেন, “ঢাকাকে প্লে-অফে যেতে হলে আমাদের বাকি দুই ম্যাচই জিততে হবে, এবং রংপুরকে বাকি ম্যাচগুলো হারতে হবে। রংপুর আর একটি ম্যাচ জিতলেই তারা প্লে-অফে কোয়ালিফাই করবে।”

ঢাকাকে নিয়ে আশাবাদী মামুন বলেন, “আলহামদুলিল্লাহ, এখনও আমাদের আশা আছে। আমাদের এখনও দুইটা ম্যাচ বাকি। যদি আমরা দুইটা ম্যাচ জিততে পারি, ইনশাআল্লাহ, আর অন্য দল যদি হারে, তাহলে আমাদের এখনও সুযোগ আছে। আমাদের প্রস্তুতি ভালো, আমরা কঠোর অনুশীলন করেছি এবং কালকের ম্যাচের জন্য মনোযোগী।”

ব্যক্তিগত প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, “আমি ব্যাটিংয়ে শুরুটা ভালো করছি। চেষ্টা করছি ইনিংস দীর্ঘ করার, অনুশীলনে বিষয়গুলো ঠিক করতে। চেষ্টা করব যাতে বড় ইনিংস খেলতে পারি, ইনশাআল্লাহ।”

স্থগিত থাকার পর আবারও মাঠে ক্রিকেট ফিরায় স্বস্তি প্রকাশ করে মামুন বলেন, “আমরা খেলোয়াড়, সবসময়ই খেলতে চাই। বিপিএল আবার শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ, আমাদের জন্য খুব ভালো হয়েছে। আমরা সবাই মুখিয়ে আছি খেলার জন্য।”

 

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!