চলমান বিপিএলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম রয়্যালস। ৯ ম্যাচে ৬ জয় নিয়ে দলটির পয়েন্ট ১২। পরের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারাতে পারলে শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হওয়ার পাশাপাশি প্রথম কোয়ালিফায়ার খেলার সুযোগ পাবে চট্টগ্রাম। এ লক্ষ্য নিয়ে দলটি আত্মবিশ্বাসী বলেই জানিয়েছেন ব্যাটার মাহমুদুল হাসান জয়।
রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে শনিবারের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জয় বলেন, তিনি ব্যক্তিগতভাবে আত্মবিশ্বাসী ছিলেন এবং ব্যাটে বলে ভালোভাবে লাগছিল। তাঁর ভাষায়, বড় ইনিংস খেলতে পারলে দলের রান ১৬০–১৭০ পর্যন্ত পৌঁছাতে পারত। তবে আফসোস থাকছেই। জয় বলেন, এখনো একটি ম্যাচ বাকি আছে, সেটি জিততে পারলে দল এগিয়ে থাকবে।
রাজশাহীর বিপক্ষে আগে ব্যাট করতে নেমে চট্টগ্রাম ১২৫ রানেই গুটিয়ে যায়। জবাবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স ৩ উইকেটে জয় তুলে নেয় এবং পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে। তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ১৬, যা আর কোনো দলের পক্ষে ছোঁয়া সম্ভব নয়।
নিজেদের ব্যাটিং পরিকল্পনা নিয়ে জয় বলেন, শেষ পর্যন্ত উইকেটে থাকার চেষ্টা ছিল এবং ইনিংস যতটা সম্ভব লম্বা করার লক্ষ্য নিয়েই খেলেছেন। তবে শেষটা ঠিকভাবে করা সম্ভব হয়নি বলে আক্ষেপ করেন তিনি।
লিগ পর্ব শীর্ষ দুইয়ে শেষ করতে পারলে প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাবে চট্টগ্রাম। সেখানে হারলেও ফাইনালে ওঠার আরেকটি সুযোগ থাকবে। সেই সম্ভাবনার কথাও মনে করিয়ে দেন জয়। তিনি বলেন, একটি ম্যাচ এখনো হাতে আছে। সেটি ভালোভাবে শেষ করতে পারলে শীর্ষ দুইয়ে থাকার সুযোগ থাকবে। মাঠে ভালো ক্রিকেট খেলতে পারলে প্রতিপক্ষ যেই হোক না কেন, দলের পারফরম্যান্সে তিনি আশাবাদী।
রাজশাহীর বিপক্ষে ম্যাচে চট্টগ্রামের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ান আকবর আলী। ১৫তম ওভারে শেখ মেহেদীর বলে হ্যাটট্রিক ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। আকবরের ব্যাটিং প্রসঙ্গে জয় বলেন, তিনি ভালো খেলছিলেন। ওই ওভারে হয়তো আরেকটু হিসেব করে বোলিং করা গেলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!