খেলাধুলা

চট্টগ্রাম নাকি রাজশাহী—সবার আগে ফাইনালে কোন দল?

আপডেট: জানু ২০, ২০২৬ : ০৫:৩০ এএম ১৩
চট্টগ্রাম নাকি রাজশাহী—সবার আগে ফাইনালে কোন দল?

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসর এখন শেষ প্রান্তে। লিগ পর্বের সব ম্যাচ শেষ হয়ে গেছে। আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। তার আগে আজই (মঙ্গলবার) জানা যাবে ফাইনালের প্রথম দলটির নাম।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ রয়েছে দুটি প্লে-অফ ম্যাচ। চার দলের লড়াইয়ে একটি দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে, একটি দল সরাসরি ফাইনালে উঠবে। বাকি দুই দল পাবে শিরোপার লড়াইয়ে ওঠার দ্বিতীয় সুযোগ।

দিনের প্রথম ম্যাচে এলিমিনেটরে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স। এই ম্যাচে জয়ী দল কোয়ালিফায়ার–২ খেলবে এবং ফাইনালে ওঠার আরেকটি সুযোগ পাবে।

দিনের গুরুত্বপূর্ণ ম্যাচটি হবে সন্ধ্যায়। কোয়ালিফায়ার–১ এ মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। এই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে জায়গা করে নেবে। পরাজিত দলকে ফাইনালে ওঠার শেষ সুযোগের জন্য এলিমিনেটর জয়ী দলের বিপক্ষে কোয়ালিফায়ার–২ খেলতে হবে।

লিগ পর্বে সিলেট, রাজশাহী ও চট্টগ্রাম ছিল ধারাবাহিক পারফরমার। রংপুর রাইডার্স অবশ্য শেষ দিকে এসে ঘুরে দাঁড়ায়। ২০১৭ সালের চ্যাম্পিয়ন দলটি লিগের শেষ দুটি ম্যাচ জিতে প্লে-অফ নিশ্চিত করে।

লিগ পর্বে সিলেট ও রংপুর দুইবার মুখোমুখি হয়ে একবার করে জয় পেয়েছে। একইভাবে চট্টগ্রাম ও রাজশাহীর মধ্যকার দুই ম্যাচেও দুই দল একবার করে জিতেছে। তবে সাম্প্রতিক ফর্মে এগিয়ে রাজশাহী। দলটি টানা চার ম্যাচ জিতে প্লে-অফে এসেছে, যা আত্মবিশ্বাস জোগাচ্ছে নাজমুল হোসেন শান্তর দলকে।

অন্যদিকে চট্টগ্রাম রয়্যালস হেরেছে টানা দুটি ম্যাচে, যার একটি ছিল রাজশাহীর বিপক্ষে। ২০১৯ সালের পর আবারও শিরোপার লড়াইয়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচে ঘুরে দাঁড়ানোই তাদের একমাত্র লক্ষ্য। এখন দেখার বিষয়, সরাসরি ফাইনালের টিকিট কাটবে কোন দল—চট্টগ্রাম না রাজশাহী।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!