খেলাধুলা

বাংলাদেশের পাশে পাকিস্তান, আইসিসিকে চিঠি পাঠাল পিসিবি

আপডেট: জানু ২১, ২০২৬ : ০৫:২০ এএম ১৪
বাংলাদেশের পাশে পাকিস্তান, আইসিসিকে চিঠি পাঠাল পিসিবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি এখনো। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থান স্পষ্ট হলেও, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চাইছে ভারতেই যেন খেলতে যায় বাংলাদেশ দল। এই টানাপোড়েনের মধ্যে এবার বাংলাদেশের পক্ষে সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, পিসিবির গভর্নিং বডি বিসিবির অবস্থানকে যৌক্তিক মনে করে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানায়। ওই চিঠির অনুলিপি আইসিসির অন্যান্য সদস্য দেশগুলোকেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।

ক্রিকইনফো জানায়, ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিসিবি আগেই বাংলাদেশ দলের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল। এই ইস্যুতে সমাধানের লক্ষ্যে আজ বুধবার একটি বৈঠক ডেকেছে আইসিসি। যদিও পিসিবির চিঠির পরিপ্রেক্ষিতে এ বৈঠক ডাকা হয়েছে কি না, তা নিশ্চিত নয়।

আইসিসি যখন বাংলাদেশের বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পথে, ঠিক সেই সময়ে পিসিবির সমর্থন আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে কিছুটা বিস্ময়ের সৃষ্টি করেছে। তবে এই চিঠি আইসিসির সিদ্ধান্তে বড় ধরনের প্রভাব ফেলবে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশ ইস্যুতে ভেন্যু বা সূচি পরিবর্তনের সম্ভাবনা এখনো খুবই কম।

এর আগে বিসিবি ও আইসিসির একাধিক বৈঠক হলেও, দুই পক্ষই নিজ নিজ অবস্থান থেকে সরে আসেনি। বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা কাটাতে আলোচনা চললেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি।

ক্রিকইনফোর তথ্যমতে, আইসিসি আবারও তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ২১ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। তবে বিসিবি এই দাবি অস্বীকার করে জানিয়েছে, বিশ্ব ক্রিকেট সংস্থার পক্ষ থেকে তারা কোনো সুনির্দিষ্ট সময়সীমা পায়নি।

এদিকে, বিশ্বকাপ শুরুর সময়ও ঘনিয়ে এসেছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নির্ধারিত সূচি অনুযায়ী, লিগপর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায় এবং একটি ম্যাচ মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত বছর থেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে আসছে। সে কারণে ভারত-পাকিস্তানের ম্যাচগুলো হাইব্রিড মডেলে নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হয়। একই প্রেক্ষাপটে বাংলাদেশের পাশে শেষ মুহূর্তে পাকিস্তানের অবস্থান নেওয়াকে নাটকীয় বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা। যদিও বাংলাদেশের ম্যাচ পাকিস্তানে সরিয়ে নেওয়া বা বাংলাদেশ না খেললে পাকিস্তানও সরে দাঁড়াবে—এমন আলোচনা কেবল গুঞ্জনেই সীমাবদ্ধ ছিল। পিসিবি প্রকাশ্যে এসব বিষয়ে কোনো মন্তব্য করেনি।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!