খেলাধুলা

চট্টগ্রামকে উড়িয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

আপডেট: জানু ২৩, ২০২৬ : ০৫:৩৯ পিএম ১২
চট্টগ্রামকে উড়িয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

ম্যাড়ম্যাড়ে ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে কোনো সুযোগই দিল না রাজশাহী ওয়ারিয়র্স। ব্যাটে–বলে দুর্দান্ত পারফরম্যান্সে ৬৩ রানের বড় জয় তুলে নিয়ে বিপিএলের শিরোপা জিতেছে নাজমুল হোসেন শান্তর দল।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে রাজশাহীকে ব্যাট করতে পাঠায় চট্টগ্রাম। তবে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে রাজশাহী। ওপেনার তানজিদ হাসান তামিমের অনবদ্য সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে রাজশাহী তোলে ৭ উইকেটে ১৭৪ রান।

লক্ষ্য তাড়ায় শুরুতেই ধস নামে চট্টগ্রামের ব্যাটিংয়ে। শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে মাত্র ১১১ রানে। ফলে আরামদায়ক জয় নিয়েই দ্বিতীয়বারের মতো বিপিএল চ্যাম্পিয়ন হয় রাজশাহী ফ্র্যাঞ্চাইজি।

রাজশাহীর হয়ে উড়ন্ত সূচনা করেন তানজিদ হাসান তামিম ও সাহিবজাদা ফারহান। দুজন মিলে ওপেনিং জুটিতে যোগ করেন ৮৩ রান। ফারহান ৩০ বলে ৩০ রান করে আউট হলেও এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং চালিয়ে যান তানজিদ। পরে কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে গড়েন ৪৭ রানের জুটি।

দারুণ ছন্দে থাকা তানজিদ একের পর এক শট খেলতে থাকেন। ফিফটির পর পূর্ণ করেন ক্যারিয়ারের স্মরণীয় সেঞ্চুরি। ৬২ বলে ১০০ রানের অনবদ্য ইনিংসটি সাজানো ছিল ৬টি চার ও ৭টি ছক্কায়। বিপিএলের ফাইনালে এটি তৃতীয় সেঞ্চুরি—এর আগে এমন কীর্তি গড়েছিলেন ক্রিস গেইল ও তামিম ইকবাল। শান্ত করেন ১১ রান, আর জিমি নিশাম অপরাজিত থাকেন ৭ রানে।

চট্টগ্রামের হয়ে শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম দুটি করে উইকেট নেন।

১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায়নি চট্টগ্রাম। ১৮ রানের মধ্যেই ফিরে যান দুই ওপেনার। মোহাম্মদ নাঈম শেখ করেন ৯ রান, আর মাহমুদুল হাসান জয় শূন্য হাতে ফেরেন। পরে মির্জা বেগ কিছুটা প্রতিরোধ গড়লেও ধীরগতির ব্যাটিং দলের চাপ বাড়ায়। তিনি ৩৬ বলে ৩৯ রান করেন।

শেষদিকে আসিফ আলী ২১ ও আমির জামাল ৮ রান করলেও ব্যবধান কমানোর মতো ইনিংস আসেনি। ফলে নির্ধারিত ওভারের আগেই ম্যাচ রাজশাহীর দখলে চলে যায়।

বলের দারুণ নিয়ন্ত্রণে রাজশাহীর জয়ের নায়ক ছিলেন বিনুরা ফার্নান্দো। বাঁহাতি এই পেসার মাত্র ৯ রান খরচায় নেন ৪ উইকেট। হাসান মুরাদ শিকার করেন ৩টি উইকেট। এছাড়া জিমি নিশাম ২টি ও আব্দুল গাফফার সাকলাইন নেন ১টি উইকেট।

এই জয়ের মধ্য দিয়ে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির বিপিএল ট্রফির সংখ্যা দাঁড়াল দুইয়ে। এর আগে ২০১৯–২০ মৌসুমেও শিরোপা জিতেছিল দলটি।


আরএস-রাসেল
 

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!