বিপিএলের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সে অন্যতম ফেভারিট হিসেবে এগিয়ে থাকা দলটি শেষ পর্যন্ত প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছে মাঠে। শিরোপা জয়ের পর দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কৃতিত্ব দিয়েছেন কেবল একাদশের ক্রিকেটারদের নয়, ম্যাচ খেলার সুযোগ না পাওয়া সতীর্থদেরও।
পুরো আসরে রাজশাহীর স্কোয়াডে ভারসাম্য রাখতে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারের মিশ্রণের ওপর জোর দেওয়া হয়েছিল। তবে দলগঠন ও কম্বিনেশনের কারণে অনেক ক্রিকেটারই খেলার সুযোগ পাননি। তরুণ ক্রিকেটার ওয়াসি সিদ্দিকী, জিসান আলমসহ কয়েকজন পুরো টুর্নামেন্টেই ডাগআউটে বসে ছিলেন।
ফাইনাল–পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন, একাদশ নির্বাচন তাঁর জন্য সহজ ছিল না। ‘অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। পেশাদার জায়গা থেকে দলের জন্য যেটা দরকার ছিল, সেটাই করার চেষ্টা করেছি। জিসান, ওয়াসি, শুভ্ররা একটি ম্যাচও খেলেনি। কিন্তু তাদের দেখে মনে হয়নি তারা হতাশ বা আপসেট,’ বলেন রাজশাহীর অধিনায়ক।
শান্তর মতে, শিরোপা জয়ের পেছনে এসব ক্রিকেটারের ভূমিকা কম নয়। তিনি বলেন, ‘মাঠে থাকুক বা না থাকুক, সবাই শতভাগ দেওয়ার চেষ্টা করেছে। কাপ জয়ের পেছনে এগুলোই বড় কারণ। অধিনায়ক হিসেবে বিষয়গুলো সামলানো কঠিন ছিল। তবে যাদের খেলাতে পারিনি, তারা আমাকে যেভাবে সমর্থন করেছে, তাতে আমার কাজ সহজ হয়েছে। এই ধরনের মানসিকতাই সামনে গিয়ে বড় ক্রিকেটার হয়ে ওঠার ক্ষেত্রে সাহায্য করবে।’
এবারের বিপিএলের ট্রফিতে ছিল নতুনত্ব। ফাইনালের আগপর্যন্ত অপেক্ষাকৃত আড়ালেই থাকা নতুন ডিজাইনের ট্রফি নিয়ে অনুভূতি জানিয়ে শান্ত বলেন, ‘নতুনত্ব ভালো লেগেছে। তবে দিন শেষে কাপ কীভাবে এসেছে, সেটা বড় বিষয় নয়—কীভাবে কাপ জিততে পেরেছি, সেটাই আসল।’
তরুণ ক্রিকেটার জিসান আলমকে নিয়ে আলাদা করে প্রশংসা করেন শান্ত। তিনি বলেন, ‘গত এক মাসে জিসানকে যেভাবে দেখেছি, ওর ক্যারেক্টার দারুণ। ম্যাচ না খেলেও অনুশীলনে শতভাগ দিয়েছে, প্রসেস ধরে রেখেছে, দলের জন্য ভালো চিন্তা করেছে—এগুলো তরুণদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এক–দেড় বছর আগের জিসান আর এবারের জিসানের মধ্যে এই জায়গায় অনেক উন্নতি দেখছি। প্রতিদিনই ম্যাচ খেলার জন্য প্রস্তুত ছিল। ভবিষ্যতে হয়তো সে নিজেই অধিনায়ক হয়ে দলকে জেতাবে।’
দলীয় ঐক্য ও মানসিক শক্তিকেই রাজশাহী ওয়ারিয়র্সের শিরোপা জয়ের অন্যতম বড় চাবিকাঠি হিসেবে দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!