খেলাধুলা

‘শেখ হাসিনা ভারতে নিরাপদে থাকলে, ক্রিকেটাররা কেন নয়?’—মনোজ তিওয়ারি

আপডেট: জানু ২৪, ২০২৬ : ০৫:৪৩ এএম ১৪
‘শেখ হাসিনা ভারতে নিরাপদে থাকলে, ক্রিকেটাররা কেন নয়?’—মনোজ তিওয়ারি

ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগের কথা বলা হচ্ছে, তা মানতে নারাজ ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি। তাঁর প্রশ্ন—যদি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নিরাপদে থাকতে পারেন, তাহলে বাংলাদেশি ক্রিকেটাররা কেন নিরাপদ থাকবেন না?

বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে ভারতের কট্টর হিন্দুত্ববাদী নেতাদের বিরোধিতার পর বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এ প্রেক্ষাপটে ভারত গিয়ে বিশ্বকাপে খেলতে বাংলাদেশ অনিচ্ছা প্রকাশ করে এবং সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয়। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেই প্রস্তাবে সাড়া দেয়নি।

রাজনৈতিক টানাপোড়েনের প্রসঙ্গ টেনে মনোজ তিওয়ারি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ৫ আগস্ট পরবর্তী সময়ে জটিল হয়েছে। বিশেষ করে প্রায় দেড় হাজার মানুষ হত্যার মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একই সময়ে ভারতে বাংলাদেশি সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগও সামনে আসে।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মনোজ তিওয়ারি বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে নয়, বরং সরকারের দিক থেকেই ভারতে না যাওয়ার সিদ্ধান্তের কথা বলা হচ্ছে। তাঁর মতে, সাধারণত ক্রিকেট বোর্ডগুলো স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে কাজ করে এবং রাজনৈতিক হস্তক্ষেপ সীমিত থাকে।

মনোজ তিওয়ারি বলেন, ‘যদি নিরাপত্তা ঝুঁকির কথা বলা হয়, তাহলে শেখ হাসিনা আন্দোলনের মুখে ভারতে এসে নিরাপদে আছেন। ভারতের কেন্দ্রীয় সরকার তাঁকে নিরাপত্তা ও আশ্রয় দিয়েছে। যদি একজন সাবেক প্রধানমন্ত্রী এখানে নিরাপদে থাকতে পারেন, তাহলে ক্রিকেটারদের নিরাপত্তা পাওয়া আরও সহজ হওয়া উচিত।’

বাংলাদেশের সিদ্ধান্তে ক্রিকেটাররাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন বলেও মনে করেন ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই সাবেক ক্রিকেটার। তিনি বলেন, বিশ্বকাপে অংশগ্রহণ করলে ক্রিকেটারদের ব্যক্তিগত ক্যারিয়ারের উন্নয়নের সুযোগ তৈরি হয়। তবে আইসিসির অবস্থান স্পষ্ট—খেলতে হবে, নতুবা সরে দাঁড়াতে হবে।

এদিকে ভারতে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে ভিন্ন মত দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে নিরাপত্তা উদ্বেগ মানা হলেও বাংলাদেশের ক্ষেত্রে আইসিসি ভিন্ন অবস্থান নিয়েছে। সাম্প্রতিক সময়ে ভারতে বাংলাদেশি সন্দেহে একাধিক হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি।

ভারতে বাংলাদেশবিরোধী ঘৃণা প্রচারণা এবং সেই প্রেক্ষাপটে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি উল্লেখ করে সংস্কৃতি উপদেষ্টা বলেন, এসব ঘটনা প্রমাণ করে যে বাংলাদেশি খেলোয়াড়দের জন্য ভারতে নিরাপত্তা হুমকি বাস্তব ও গুরুতর।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!