খেলাধুলা

বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তানকে হতে পারে কঠোর শাস্তি

আপডেট: জানু ২৫, ২০২৬ : ০৫:২৩ এএম ১৪
বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তানকে হতে পারে কঠোর শাস্তি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে উত্তেজনার মাঝেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিশ্বকাপ বয়কট হুমকি দিয়েছে। গত শনিবার (২৪ জানুয়ারি) আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয়।

এর প্রতিবাদে পিসিবি বয়কট হুমকি দিলেও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের নিষেধাজ্ঞা ও কঠোর শাস্তি দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ অনুসারে, পাকিস্তান যদি টুর্নামেন্টে অংশ না নেয়, তবে আইসিসি তাদের ওপর দ্বিপাক্ষিক সিরিজ বাতিল, পাকিস্তান সুপার লিগে বিদেশি খেলোয়াড়ের অংশগ্রহণে বাধা এবং এশিয়া কাপ থেকে বাদ দেওয়ার মতো ব্যবস্থা নিতে পারে।

আইসিসি জানিয়েছে, ভারতে বাংলাদেশ জাতীয় দল ও সমর্থকদের জন্য কোনো যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। তাই প্রকাশিত সূচি সংশোধন করার প্রয়োজন নেই। ২০২৬ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড অংশগ্রহণ করবে। টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত।

পিসিবির সভাপতি মহসিন নাকভি বলেন, “বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমাদের বোর্ড সভায় আমি বলেছি, একটি দেশ যখন খুশি যেকোনো সিদ্ধান্ত নিতে পারে এবং অন্য দেশকে নিয়ে সম্পূর্ণ উল্টো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তাই আমরা মনে করি, বাংলাদেশের খেলার অধিকার নিশ্চিত করতে হবে।”

বিশ্বকাপ বয়কট নিয়ে তিনি বলেন, “পাকিস্তানের সরকার আমাদের যে নির্দেশনা দেবে, আমরা সেটাই মানব। প্রধানমন্ত্রী এখন দেশে নেই। তিনি ফিরলে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। আমাদের কাছে ‘প্ল্যান এ, বি, সি, ডি’ সব প্রস্তুত আছে।”

আইসিসির এ সতর্কবার্তা এবং পিসিবির হুমকির মধ্য দিয়ে ক্রিকেট বিশ্বে উত্তেজনা অব্যাহত রয়েছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!