খেলাধুলা

মুস্তাফিজকে দলে পেয়ে সৌভাগ্যের কথা বললেন লাহোর কালান্দার্সের মালিক

আপডেট: ফেব ০৫, ২০২৬ : ০৫:০১ পিএম
মুস্তাফিজকে দলে পেয়ে সৌভাগ্যের কথা বললেন লাহোর কালান্দার্সের মালিক

সরাসরি চুক্তিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়ানোয় সন্তোষ প্রকাশ করেছেন লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা। তাঁর মতে, মুস্তাফিজের মতো একজন পেসারকে দলে পাওয়া যে কোনো দলের জন্যই সৌভাগ্যের বিষয়।

আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামের আগেই ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে সরাসরি চুক্তিতে মুস্তাফিজকে দলে নেয় লাহোর। সবশেষ ২০১৮ মৌসুমে লাহোর কালান্দার্সের জার্সিতে খেলেছিলেন তিনি। প্রায় আট বছর পর আবার পিএসএলে দেখা যাবে এই বাঁহাতি পেসারকে।

দলটির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় সামিন রানা বলেন, ‘মুস্তাফিজ পাকিস্তান সুপার লিগের জন্য যেমন বড় নাম, তেমনি বিশ্ব ক্রিকেটেও তিনি একজন পরিচিত মুখ। তাকে দলে নেওয়া যে কোনো ফ্র্যাঞ্চাইজির জন্যই সম্মানের বিষয়।’

তিনি আরও বলেন, মুস্তাফিজের সঙ্গে লাহোর কালান্দার্সের সম্পর্ক বেশ পুরোনো। ‘পিএসএল শুরুর সময় গোল্ড ক্যাটাগরিতে আমাদের প্রথম পছন্দ ছিলেন মুস্তাফিজ। তবে সে সময় এনওসি জটিলতার কারণে তিনি আসতে পারেননি। দুই বছর পর তিনি খেলেন এবং আমরা তাকে দলে পেয়ে দারুণ উপভোগ করেছি,’ যোগ করেন সামিন রানা।

বর্তমান পারফরম্যান্সের প্রশংসা করে লাহোরের মালিক বলেন, ‘বিশ্ব ক্রিকেটে বর্তমানে যেভাবে মুস্তাফিজ পারফর্ম করছে, তা অসাধারণ। মুস্তাফিজের মতো একজন খেলোয়াড়কে আবার দলে পাওয়া লাহোরের জন্য সত্যিই সৌভাগ্যের।’

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!