বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য এখন রিশাদ হোসেন। তবে বছর দুয়েক আগেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত একাদশে সুযোগ পাওয়া দূরের কথা, দলে নিজের জায়গা নিয়েই লড়াই করতে হতো এই লেগ স্পিনারকে। সেই সময়গুলোই আজকের রিশাদ গড়ে তুলেছে বলে মনে করেন তিনি।
সম্প্রতি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলেছেন রিশাদ। দেশে ফিরে বর্তমানে অদম্য টি-টোয়েন্টি লিগে অংশ নিচ্ছেন তিনি। গতকাল ধূমকেতুর হয়ে দুরন্তের বিপক্ষে ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে নিজের ক্রিকেটীয় পথচলা নিয়ে কথা বলেন রিশাদ।
তিনি বলেন, একাদশে নিয়মিত সুযোগ না পাওয়ার সময়টাকেই নিজের জীবনের সেরা সময় বলে মনে হয়। ওই সময় খেলতে না পারার কারণেই নিজেকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ পেয়েছেন তিনি।
রিশাদ বলেন, ‘যখন খেলতে পারতাম না, সেটাই আমার জন্য সবচেয়ে বড় শিক্ষা ছিল। ওই সময়ে নিজেকে নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করতে পেরেছি। ওটাই আমার জীবনের সেরা সময়—নিজেকে গড়ে তুলতে পেরেছি।’
বিগ ব্যাশ লিগে পুরো একটি টুর্নামেন্ট অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলার অভিজ্ঞতা হয়েছে রিশাদের। হোবার্ট হারিকেন্সের নিয়মিত একাদশের সদস্য ছিলেন তিনি। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ক্রিকেট পরিবেশ তুলনা করে রিশাদ বলেন, দুই দেশের কন্ডিশনের মধ্যে পার্থক্য স্পষ্ট।
তিনি বলেন, ‘সবারই জানা, ওদের সবকিছু ভিন্ন লেভেলের। আমাদের এখানেও উন্নতির সুযোগ আছে। খেলোয়াড়দের থাকার ব্যবস্থা থেকে শুরু করে পুরো খেলার পরিবেশ আরও ভালো করা সম্ভব। তবে বাংলাদেশও খারাপ নয়। একেক দলের পরিবেশ একেক রকম।’
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার কন্ডিশন এক নয়। খেলার মান, পরিবেশ—সব মিলিয়েই পার্থক্য আছে। তাঁর মতে, আন্তর্জাতিক ক্রিকেটে এর চেয়ে বড় মানের প্রতিযোগিতা খুব কমই আছে।
অতীতে সুযোগ না পাওয়ার দিনগুলোকে হতাশা নয়, বরং শেখার সময় হিসেবে দেখেন রিশাদ। সেই অভিজ্ঞতাই তাঁকে জাতীয় দল ও বিদেশের প্রতিযোগিতায় আত্মবিশ্বাসী করে তুলেছে বলে মনে করছেন এই স্পিনার।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!