অদম্য টি-টোয়েন্টি কাপে দুর্দান্ত ফিনিশিংয়ে ম্যাচ জেতানোর পর নিজের ঝোড়ো ব্যাটিংয়ের রহস্য জানিয়েছেন নুরুল হাসান সোহান। ৪৪ বলে ৭৬ রানের অপরাজিত ইনিংসে ধূমকেতুর বিপক্ষে দুর্বার একাদশকে জয় এনে দেন তিনি। বিশেষ করে শরিফুল ইসলামের করা ১৯তম ওভারে ২৬ রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের দখলে নেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
৩ বল ও ২ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে দুর্বার। ম্যাচ শেষে সোহান জানান, সুযোগ পেলে নিজেকে সময় দেওয়াটাই তাঁর ফিনিশিংয়ের মূল চাবিকাঠি। গতকাল টস হেরে আগে ব্যাট করে ধূমকেতু সংগ্রহ করে ১৫৬ রান। দলের পক্ষে অধিনায়ক লিটন দাস ৩৭ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন। জবাবে সোহানের ব্যাটে ভর করে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই জয় তুলে নেয় দুর্বার একাদশ।
শরিফুল ইসলামের গুরুত্বপূর্ণ ওভারটি খেলতে নামার সময়ের মানসিকতা নিয়ে সোহান বলেন, ‘ওই সময় মনে হচ্ছিল, এই পরিস্থিতিটা কাজে লাগানো আমার দায়িত্ব। নিজেকে যদি সুযোগ দিই, তাহলে আত্মবিশ্বাসটা থাকে যে কিছু করা সম্ভব।’
ইনিংস লম্বা করার বিষয়টি ফিনিশিংয়ে বড় ভূমিকা রেখেছে বলে জানান তিনি। সোহান বলেন, ‘শেষদিকে ব্যাট করার সুযোগ পেলে যদি সেট থাকি, তখন ইনিংসটা গুছিয়ে নেওয়ার সময় পাওয়া যায়। আমার প্যাটার্নটা বুঝতে হয়—কখন ৩-৪-৫ বল থাকবে, কখন একটু বেশি সময় পাব। সময় পেলে সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়।’
ধূমকেতুর স্কোয়াড মূলত জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে গঠিত উল্লেখ করে সোহান বলেন, দলটি বেশ ভারসাম্যপূর্ণ। ‘জাতীয় দলের যে স্কোয়াডটা আছে, আমার মনে হয় এটা খুবই ব্যালান্সড। ভালো বোলার আছে, প্রতিযোগিতামূলক ম্যাচ হয়েছে। সামনে আরও ম্যাচ আছে, চেষ্টা করব আরও ভালো করার,’ বলেন তিনি।
ফিনিশিংয়ে সফল হওয়ার প্রসঙ্গে আবারও নিজের অবস্থান পরিষ্কার করেন সোহান। তিনি বলেন, ‘নিজেকে যদি সময় দিতে পারি, তাহলে ইনিংস গোছানোর সুযোগ থাকে। অল্প সময়ের জন্য ব্যাট করলে কাজটা যে কারও জন্যই কঠিন। উপরে ব্যাট করা আমার হাতে নেই, তবে ঘরোয়া লিগে সুযোগ পেলে সেটার সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করি।’
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!