টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল না থাকায় বিকল্প হিসেবে আড়াই কোটি টাকার প্রাইজমানি সংবলিত একটি টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বৃহস্পতিবার থেকে তিন দল নিয়ে সংক্ষিপ্ত সংস্করণের এই প্রতিযোগিতা শুরু হয়।
টুর্নামেন্টে সবচেয়ে কম বয়সী ও সদ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে আসা ক্রিকেটারদের নিয়ে গঠিত ইমার্জিং স্কোয়াডের ‘দুরন্ত একাদশ’ অংশ নিয়েছে। এছাড়া জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে ‘ধূমকেতু একাদশ’ এবং ‘এ’ দলের ক্রিকেটারদের নিয়ে ‘দুর্বার একাদশ’ খেলে।
ইতোমধ্যে তিন দলের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। আজ (সোমবার) মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে লিটন দাসের ‘ধূমকেতু একাদশ’ ও নাজমুল হোসেন শান্তের ‘দুর্বার একাদশ’।
টুর্নামেন্টটি আড়াই কোটি টাকা প্রাইজমানির হলেও বেশির ভাগ ম্যাচে দর্শক উপস্থিতি তেমন জমে ওঠেনি। গ্রুপ পর্বে নাজমুলের ‘দুর্বার একাদশ’ দুটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। লিটনের ‘ধূমকেতু একাদশ’ একটি জয় নিয়ে ফাইনালে উঠেছে। তরুণদের নিয়ে গঠিত ‘দুরন্ত একাদশ’ কোনো জয় পায়নি।
বিসিবি এই টুর্নামেন্ট আয়োজন করেছে মূলত খেলোয়াড়দের মনোবল ধরে রাখার পাশাপাশি তাদের জন্য কিছুটা আর্থিক সুবিধা নিশ্চিত করতে। টুর্নামেন্টে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের। জাতীয় দলের ক্রিকেটাররা ‘ধূমকেতু একাদশ’ খেলছেন, তবে তরুণরা তেমন ভালো করতে পারেননি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!