খেলাধুলা

রোনালদোর জোড়া গোলে শীর্ষে আল নাসর

আপডেট: ফেব ২২, ২০২৬ : ০৫:১৯ এএম
রোনালদোর জোড়া গোলে শীর্ষে আল নাসর

ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে সৌদি প্রো লিগে বড় জয় পেয়েছে আল নাসর। আল হাজেমকে ৪–০ গোলে হারিয়ে শীর্ষে উঠে গেছে দলটি।

জানুয়ারির দলবদলে ক্লাবের নিষ্ক্রিয়তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে কয়েকটি ম্যাচে অনুপস্থিত ছিলেন রোনালদো। লিগের দুটি ও এএফসি কাপে একটি ম্যাচ মিস করার পর ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকা মাঠে ফিরেই জ্বলে ওঠেন।

১৩ মিনিটে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। পেনাল্টি এলাকার ভিড়ের মধ্যে তাঁকে খুঁজে পান কিংসলে কোমান। বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে জাল কাঁপান তিনি। অফসাইড নিয়ে সংশয় থাকায় ভিএআর পরীক্ষা শেষে গোলের স্বীকৃতি দেওয়া হয়। ৩০ বছর বয়সের পর এটি ছিল তাঁর ক্যারিয়ারের ৫০০তম গোল।

আধঘণ্টার মাথায় জোয়াও ফেলিক্সের পাস থেকে ব্যবধান বাড়ান কোমান। প্রথমার্ধের শেষ দিকে রোনালদো আরও একটি গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।

৭৭তম মিনিটে ব্রাজিলিয়ান অ্যাঞ্জেলো একক প্রচেষ্টায় বল নিয়ে গিয়ে স্কোরলাইন ৩–০ করেন। নির্ধারিত সময় শেষ হওয়ার ১০ মিনিট আগে কোমানের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। আড়াআড়ি ড্রাইভে বল জালে ঠেলে দেন তিনি। ভিএআর পরীক্ষা শেষে গোল বহাল থাকে।

এই জয়ে টানা অষ্টম লিগ ম্যাচে জয় পেল আল নাসর। এতে নিকটতম প্রতিদ্বন্দ্বী আল হিলাল–এর চেয়ে এক পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে তারা। আগের ম্যাচে আল হিলাল ১০ জনের আল ইত্তিহাদ–এর সঙ্গে ড্র করে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!