খেলাধুলা

টানা দ্বিতীয়বার টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইতিহাস ভারতের

আপডেট: মার্চ ০৯, ২০২৬ : ০৫:৪৪ এএম
টানা দ্বিতীয়বার টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইতিহাস ভারতের

ঝড়ো ব্যাটিংয়ে রেকর্ড গড়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখল ভারত। ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে সূর্যকুমার যাদবের দল। এই জয়ে একাধিক নতুন কীর্তিও গড়েছে ভারত।

ফাইনালে সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা ও ইশান কিশানের বিধ্বংসী ব্যাটিংয়ে বড় সংগ্রহ দাঁড় করায় ভারত। জবাবে নিউজিল্যান্ড বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে কখনোই লড়াইয়ে ফিরতে পারেনি।

এই জয়ে প্রথম দল হিসেবে টানা দুইবার টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছে ভারত। একই সঙ্গে নিজেদের মাটিতে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া প্রথম দলও তারা। এ নিয়ে তিনবার টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত, যা এই আসরের ইতিহাসে সর্বোচ্চ। ফলে দুইবার করে শিরোপা জেতা ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলেছে তারা।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপে চারবারের চেষ্টায় প্রথম জয়ও পেল ভারত।

এদিকে কোচ গৌতম গম্ভীরও গড়েছেন অনন্য কীর্তি। প্রথম কোচ হিসেবে আইসিসির দুটি বড় টুর্নামেন্টে শিরোপা জয়ের স্বাদ পেলেন তিনি। এক বছরের ব্যবধানে নিউজিল্যান্ডকে দুইবার ফাইনালে হারিয়েছে তার দল। এর আগে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালেও কিউইদের হারিয়েছিল ভারত।

একই সঙ্গে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের দুঃখও অনেকটা ভুলিয়ে দিল এই শিরোপা। আহমেদাবাদের সেই মাঠেই এবার বিশ্বজয়ের আনন্দে ভাসল ভারত।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!