সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের রান আউট কাণ্ড জল্পনার কেন্দ্রবিন্দুতে এসেছে। পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘাকে রান আউট করলে বিশ্ব ক্রিকেট মহলে ব্যাপক চর্চা হয়। পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা মিরাজকে দোষারোপ করলেও বাংলাদেশ দলের ব্যাটসম্যান লিটন দাস মিরাজের সিদ্ধান্তের পক্ষে দাঁড়ান।
ম্যাচ শেষে ব্রডকাস্ট সাক্ষাৎকারে লিটন বলেন, “প্রথমত, এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি। এটা আন্তর্জাতিক ম্যাচ। নিয়মে আছে আউট, এখানে স্পোর্টসম্যানশিপ নষ্ট হয়েছে বলে আমার মনে হয় না। যে যার ব্যক্তিগত মতামত দিতে পারে। তবে খেলোয়াড় হিসেবে আমাদের কাছে মনে হয়েছে আউট।”
রান আউট ইস্যুতে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা বলেন, “আমি মনে করি স্পোর্টসম্যান স্পিরিট থাকা উচিত। মিরাজ যা করেছে, তা নিয়মের মধ্যেই আছে। তবে আমি অন্যভাবে করতাম। আমরা আগে কখনো এমন কিছু করিনি, ভবিষ্যতেও করব না।”
লিটন দলের হার নিয়ে মন্তব্য করে বলেন, “উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। ২৭৪ রানে তাদেরকে আটকে রাখা ভালো দিক। শুরুতেই উইকেট না হারালে পরিস্থিতি অন্যরকম হতো। তবে ক্রিকেটে সব কিছু আপনার হাতে থাকবে না। কেউ জানতাম না বৃষ্টি আসবে, রান রেট এত বেশি হবে। ৫০ ওভারের খেলা হলে অন্য কিছু হত।”
উল্লেখ্য, রান আউট ঘটনা পাকিস্তান ইনিংসের ৩৯তম ওভারে ঘটে। মিরাজের দশম ওভারের প্রথম তিন বলে মাত্র এক রান দেওয়া হয়। চতুর্থ বলে রিজওয়ান রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন। সালমান রান নিতে এগোতে চাইলেও মিরাজ তা অনুমোদন দেননি। দ্রুত বলটি তুলে স্টাম্প ভাঙেন, যা শেষ পর্যন্ত থার্ড আম্পায়ারের মাধ্যমে আউট হিসেবে ঘোষণা করা হয়। সালমান আঘা মেজাজ হারিয়ে মাঠ ছাড়েন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!