বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (PSL) খেলতে যাচ্ছেন। সাবেক চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি তাকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে।
সোমবার (১৬ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ব্যতিক্রমধর্মী অ্যানিমেটেড পোস্টারের মাধ্যমে শরিফুলকে দলে ভেড়ানোর ঘোষণা দেয় জালমি। পোস্টারে তাকে ‘বেঙ্গল টাইগার’ আখ্যা দিয়ে সিংহাসনে বসা অবস্থায় উপস্থাপন করা হয়।
পেশোয়ার জালমি জানিয়েছে, শরিফুলের অন্তর্ভুক্তিতে তাদের ‘ইয়েলো স্টর্ম’ আরও শক্তিশালী হয়েছে, এই এক্সপ্রেস পেসার হলুদ জার্সিতে মাঠে গতির ঝড় তুলতে প্রস্তুত।
শরিফুল ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই জাতীয় দলের নিয়মিত সদস্য। দেশের হয়ে তিনি এখন পর্যন্ত ১৪টি টেস্ট, ৪০টি ওয়ানডে ও ৫৯টি টি-টোয়েন্টি খেলেছেন। সংক্ষিপ্ত সংস্করণে তার ধারাবাহিকতা বিশেষভাবে নজর কাড়ছে।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৫৬ ম্যাচে ১৯৫ উইকেট শিকার করেছেন শরিফুল, গড় ২২.২৭। ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (BPL) তিনি ৬০ ইনিংসে ৮৭ উইকেট নিয়েছেন, গড় ২০.৩৫-এ।
নতুন পিএসএলের আসর আগামী ২৬ মার্চ শুরু হতে যাচ্ছে। টুর্নামেন্টে অংশ নেবে আটটি দল, যা পাকিস্তানের ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। বাবর আজমের নেতৃত্বে পেশোয়ার জালমি ২৮ মার্চ নিজেদের শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে।
দলের স্কোয়াডে রয়েছেন মাইকেল ব্রেসওয়েল, জেমস ভিন্স ও কুশল মেন্ডিস। শরিফুলের সতীর্থ হিসেবে দলে আছেন বাংলাদেশের আরেক উদীয়মান পেসার নাহিদ রানা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!