আসন্ন ফিফা বিশ্বকাপ সামনে রেখে নিজেদের ফেভারিট মনে করছেন না ব্রাজিল জাতীয় ফুটবল দল-এর তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। বরং চাপমুক্ত থেকে মাঠে পারফর্ম করতেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দীর্ঘদিন ধরেই ষষ্ঠ শিরোপার (হেক্সা) খোঁজে আছে। তবে সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় দলটিকে ফেভারিটের তালিকায় রাখতে নারাজ ভিনিসিয়ুস।
গত বছর মে মাসে ব্রাজিল প্রথমবারের মতো বিদেশি কোচ হিসেবে নিয়োগ দেয় ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি-কে। তার অধীনে এখন পর্যন্ত মিশ্র ফল পেয়েছে দলটি—কয়েকটি জয় যেমন আছে, তেমনি আছে ড্র ও হারও।
সাম্প্রতিক আন্তর্জাতিক বিরতিতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয় পেলেও জাপানের কাছে অপ্রত্যাশিত হার দেখে ব্রাজিল। এরপর সেনেগালকে হারালেও তিউনিসিয়ার সঙ্গে ড্র করে তারা। এসব ফলাফলই ফেভারিটের আলোচনায় ব্রাজিলকে কিছুটা পিছিয়ে দিয়েছে বলে মনে করেন ভিনিসিয়ুস।
তিনি বলেন, ‘আমার বিশ্বাস, সাম্প্রতিক ফলাফলের ভিত্তিতে আমরা ফেভারিট নই। তবে আমাদের জার্সির ভার ও খেলোয়াড়দের সামর্থ্য আছে—আমরা ব্রাজিলকে আবার শীর্ষে নিয়ে যেতে চাই। আমরা ফেভারিট হতে চাই না, বরং নিজেদের সেরাটা দিতে চাই।’
রিয়াল মাদ্রিদ-এ খেলার সুবাদে কোচ আনচেলত্তির সঙ্গে ভালো বোঝাপড়া রয়েছে ভিনিসিয়ুসের। তিনি বলেন, ‘আমাদের শুধু ভালো খেলতে হবে। কোচ আসার পর আমরা কীভাবে খেলব, সে বিষয়ে পরিষ্কার ধারণা পেয়েছি। তিনি আমাদের ওপর থেকে চাপ কমিয়েছেন।’
জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৪৫ ম্যাচে ৮ গোল করা এই ফরোয়ার্ড ক্লাব ফুটবলে দারুণ ছন্দে আছেন। রিয়াল মাদ্রিদের হয়ে চলতি মৌসুমে ৪৩ ম্যাচে করেছেন ১৭ গোল, সঙ্গে ৮টি অ্যাসিস্ট। এই ফর্ম জাতীয় দলেও ধরে রাখতে চান তিনি।
আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু হবে। ‘সি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতিও।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!