অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশ টি-টোয়েন্টি ক্রিকেটের অভিষেক মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তাসমানিয়া বিগ ব্যাশ বর্ষসেরা খেলোয়াড়ের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের লেগ-স্পিনার রিশাদ হোসেন।
বিগ ব্যাশের ২০২৫-২৬ মৌসুমে ব্যাট-বল হাতে পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করবে ক্রিকেট তাসমানিয়া।
গত মৌসুমে হোবার্ট হারিকেনসের হয়ে ১৫ উইকেট শিকার করেন রিশাদ। দলের হয়ে উইকেট শিকারের তালিকায় শীর্ষে ছিলেন তিনি। রিশাদের ওভারপ্রতি রানের হার ছিল ৭.৮২ এবং বোলিং গড় ২০.৮৬। তার সেরা বোলিং ফিগার ছিল ২৬ রানে ৩ উইকেট।
রিশাদের সঙ্গে বর্ষসেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন নাথান এলিস, ক্রিস জর্ডান এবং নিখিল চৌধুরী।
রিশাদের মনোনয়নের কারণ ব্যাখ্যা করে ক্রিকেট তাসমানিয়া লিখেছে, “বেগুনি জার্সিতে নিজের প্রথম বছরেই দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন বাংলাদেশের লেগ-স্পিনার রিশাদ হোসেন।”
আগামীকাল বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিগ ব্যাশের ২০২৫-২৬ মৌসুমে ভালো পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে খেলোয়াড়দের পুরস্কার দেওয়া হবে। বিজয়ীদের নাম সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও ই-মেইল এবং ক্রিকেট তাসমানিয়ার ওয়েবসাইটে ঘোষণা করা হবে।
No comments yet. Be the first to comment!