সীমিত ওভারের সিরিজ খেলতে নিউজিল্যান্ড ক্রিকেট দল-এর বাংলাদেশ সফরকে সামনে রেখে ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে নতুন কোনো মুখ নেই, থাকেনি বড় ধরনের চমকও।
আজ শনিবার ঘোষিত এই স্কোয়াডে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে থাকা সব ক্রিকেটারই জায়গা ধরে রেখেছেন। ফলে বাদ পড়া কিংবা নতুন করে কাউকে অন্তর্ভুক্ত করার ঘটনা ঘটেনি।
দলে আছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এছাড়া নিয়মিত মুখ হিসেবে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়-রা। সাম্প্রতিক সময়ে খুব একটা ভালো করতে না পারলেও দলে রাখা হয়েছে আফিফ হোসেন ও সাইফ হাসান-কে।
তিন ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের এই সিরিজ খেলতে আগামী ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে নিউজিল্যান্ড দল। ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ ১৭ ও ২০ এপ্রিল। তৃতীয় ওয়ানডে ২৩ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে এবং শেষ ম্যাচটি ২ মে মিরপুরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশের স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!