২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে প্রাথমিক দল গুছিয়ে ফেলেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ৫৫ সদস্যের একটি প্রাথমিক তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে, যেখান থেকে চূড়ান্ত দলে সুযোগ পাবেন ২৬ জন ফুটবলার।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপের ২৩তম আসর। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
স্কালোনি জানিয়েছেন, বিশ্বকাপের জন্য সম্ভাব্য খেলোয়াড়দের নিয়ে একটি তালিকা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে জমা দেওয়া হয়েছে। এতে যেমন নিশ্চিত খেলোয়াড়রা রয়েছেন, তেমনি ভবিষ্যতের সম্ভাবনাময় তরুণদেরও রাখা হয়েছে।
সম্ভাব্য মূল স্কোয়াড (টিওয়াইসি স্পোর্টস অনুযায়ী)
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্ডি, নিকোলাস তালিয়াফিকো
মিডফিল্ডার: লিয়েন্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, নিকো গঞ্জালেজ, এজাকুয়েল প্যালাসিওস, নিকোলাস পাজ, থিয়েগো আলমাদা
ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, জুলিয়ানো সিমিওনে, হোসে ম্যানুয়েল লোপেজ
দলে জায়গা পাওয়ার লড়াই
চূড়ান্ত দলে জায়গা পেতে কয়েকটি পজিশনে তীব্র প্রতিযোগিতা চলছে। তৃতীয় গোলরক্ষকের জায়গার জন্য হুয়ান মুসো ও ওয়াল্টার বেনিতেজ লড়াই করছেন, যেখানে আপাতত মুসো এগিয়ে।
ব্যাকআপ লেফটব্যাক হিসেবে মার্কোস আকুনা ও গ্যাব্রিয়েল রোহাসের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। সেন্টারব্যাকে অতিরিক্ত বিকল্প হিসেবে মার্কোস সেনেসি বা ফাকুন্দো মেদিনা সুযোগ পেতে পারেন।
মিডফিল্ড ও আক্রমণভাগে জিওভানি লো সেলসোর অন্তর্ভুক্তি নির্ভর করছে তার ফিটনেসের ওপর। সম্ভাব্য বিকল্প হিসেবে আলোচনায় আছেন ভ্যালেন্টিন বারকো, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, জিয়ানলুকা প্রেস্তিয়ানি ও ম্যাক্সিমো পেরোনে।
বিবেচনায় আছেন যারা
চূড়ান্ত দলে না থাকলেও প্রাথমিক বিবেচনায় রয়েছেন ফাকুন্দো কাম্বেসেস, কেভিন লোমোনাকো, লুকাস মার্টিনেজ কোয়ার্তা, এমিলিয়ানো বুয়েন্দিয়া, পাউলো দিবালা, আলেহান্দ্রো গারনাচো, আনহেল কোরেয়াসহ আরও কয়েকজন।
বিশ্বকাপের আগে দল চূড়ান্ত করতে স্কালোনির সামনে এখন বড় চ্যালেঞ্জ—তারকা ও তরুণদের মধ্যে সেরা ভারসাম্য খুঁজে বের করা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!