মাত্র ১৮ বছর বয়সে ২০০ মিটারে নতুন ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার তরুণ স্প্রিন্টার গাউট গাউট। সিডনিতে জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১৯.৬৭ সেকেন্ডে দৌড় শেষ করে অনূর্ধ্ব–২০ পর্যায়ে বিশ্ব রেকর্ড ভেঙেছেন তিনি।
এই কীর্তিতে ভেঙে গেছে কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট–এর রেকর্ড। ১৮ বছর বয়সে বোল্টের সেরা সময় ছিল ১৯.৯৩ সেকেন্ড। সেই রেকর্ড ছাড়িয়ে গাউট এখন নতুন আলোচনার কেন্দ্রবিন্দু।
এই দৌড়ে স্বর্ণপদক জয়ের পাশাপাশি ২০ সেকেন্ডের নিচে নামা প্রথম অস্ট্রেলিয়ানও হয়েছেন তিনি। দৌড় শেষে গাউট বলেন, ‘আমি এর জন্যই অপেক্ষা করছিলাম।’
লম্বা স্ট্রাইড, সোজা ভঙ্গিতে দৌড়ানো এবং শেষের গতির কারণে ইতিমধ্যেই অনেকেই তাকে ‘পরের বোল্ট’ হিসেবে দেখতে শুরু করেছেন। তবে এই তুলনা নিয়ে গাউট সতর্ক। তার ভাষায়, ‘দিন শেষে আমি আমি-ই। নিজের কাজটাই করে যেতে চাই।’
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে জন্ম নেওয়া এই স্প্রিন্টারের বাবা–মা দক্ষিণ সুদান থেকে আসা। ছোটবেলা থেকেই অ্যাথলেটিকসে যুক্ত গাউট খুব অল্প সময়েই নিজেকে বিশ্বমঞ্চে পরিচিত করে তুলেছেন।
২০২৪ সালে ২০০ মিটারে দেশের দীর্ঘদিনের রেকর্ড ভাঙার পর ২০২৫ বিশ্ব চ্যাম্পিয়নশিপেও আলোচনায় আসেন তিনি। এবার অনূর্ধ্ব–২০ পর্যায়ে বিশ্ব রেকর্ড গড়ে ভবিষ্যতের বড় তারকা হওয়ার ইঙ্গিত দিলেন এই তরুণ।
বিশ্লেষকেরা বলছেন, এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ২০২৮ অলিম্পিকেই ১০০ ও ২০০ মিটারে বড় দাবিদার হয়ে উঠতে পারেন গাউট।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!