নোয়াখালীর সদর উপজেলায় অবৈধভাবে ডিজেল মজুত করে বেশি দামে বিক্রির প্রস্তুতির অভিযোগে চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ১,৪০০ লিটার ডিজেল ও একটি গাড়ি জব্দ করা হয়।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সুধারাম মডেল থানার খলিফার হাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল চর মটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট দক্ষিণ বাজারে অবস্থিত একটি তেলের দোকানে অভিযান চালায়।
অভিযানকালে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা ১,৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়। একই সময় লাল রঙের একটি ভাউচার গাড়িও জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের রাশেদ (৩৮), বৈকুণ্ঠপুর এলাকার নাছির উদ্দিন (৪৭), শিহাব উদ্দিন (২২) ও চরকাওনীয়া গ্রামের মাকসুদ (৩২)।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
No comments yet. Be the first to comment!