সারাদেশ

বাস চলাচল নিয়ে দ্বন্দ্বে অচল রাজশাহী রুট, দুর্ভোগে যাত্রীরা

আপডেট: এপ্রি ২২, ২০২৬ : ০৬:১২ এএম
বাস চলাচল নিয়ে দ্বন্দ্বে অচল রাজশাহী রুট, দুর্ভোগে যাত্রীরা

বাস মালিকদের দ্বন্দ্বে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কাউন্টারে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বাস না পেয়ে অনেকেই ফিরে যাচ্ছেন।

আজ বুধবার (২২ এপ্রিল) সকালেও রাজশাহী থেকে দেশের বিভিন্ন জেলায় বাস চলাচল বন্ধ দেখা যায়। এর আগে মঙ্গলবার সকাল থেকে বাস মালিক সমিতির নেতারা হঠাৎ করেই এ সিদ্ধান্ত নেন। তবে রাজশাহী থেকে নওগাঁ ও চাঁপাইনবয়াবগঞ্জ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনো বাস পাচ্ছেন না। কেউ বিকল্প হিসেবে সিএনজি বা ভাড়ায়চালিত গাড়িতে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন, আবার অনেকে বাধ্য হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।

শফিকুল আজিম নামের এক যাত্রী বলেন, “গতকাল ঢাকায় যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। আজও এসে ফিরে যাচ্ছি। পরিবার নিয়ে খুব কষ্ট হচ্ছে।”

নগরীর বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, জরুরি কাজে ঢাকা যাওয়ার জন্য সকালে বের হয়ে এসে দেখেন কোনো বাস চলছে না। “এখন কী করব বুঝতে পারছি না,” বলেন তিনি।

ঢাকাগামী যাত্রী শিউলি বেগম বলেন, ছোট সন্তান নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। “কেউ পরিষ্কার করে কিছু বলছে না। এভাবে মানুষকে কষ্ট দেওয়া ঠিক না,” বলেন তিনি।

জানা গেছে, নাটোর ও রাজশাহীর বাস মালিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে হঠাৎ করেই বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে।

এ বিষয়ে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, সমস্যার সমাধানে বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। “আমরাও চাই দ্রুত এই সংকটের সমাধান হোক,” বলেন তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!