সারাদেশ

নেত্রকোণায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

আপডেট: মে ০২, ২০২৬ : ০৬:১৬ এএম
নেত্রকোণায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ শনিবার (২ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড় ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একজন হলেন উপজেলার দক্ষিণ কালডহর গ্রামের মৃত কাসেম আলীর ছেলে আইনুল হক (৫০)। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী ‘আল্লাহর দান’ নামের একটি বাসের সঙ্গে শ্যামগঞ্জ থেকে দুর্গাপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার বড় ইলাশপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আইনুল হক নিহত হন। আহতদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মারা যান।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে, অন্যজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।” তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর থেকে বাস ও অটোরিকশার চালকরা পলাতক রয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!