নাটোরের গুরুদাসপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের এক কর্মকর্তাকে বেঁধে রেখে সরকারি কোয়ার্টারে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার (২ মে) ভোরে উপজেলা পরিষদ চত্বরের ভেতরে অবস্থিত সরকারি কোয়ার্টারে উপ-প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলামের বাসায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সিরাজুল ইসলাম জানান, ভোররাত আনুমানিক ৩টার দিকে মুখে মাস্ক পরা তিনজনের একটি ডাকাত দল তার বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তাদের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র ছিল।
তিনি বলেন, ডাকাতরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে এবং পরে তার স্ত্রীর কাছ থেকে স্বর্ণালংকার, ঘরে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নেয়। ডাকাতির সময় পাশের কোয়ার্টারের বাসিন্দারা যাতে বের হতে না পারেন, সেজন্য তাদের কক্ষের দরজা বাইরে থেকে আটকে রাখা হয় বলেও জানান তিনি।
ঘটনার পর ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের বাসিন্দারা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন এবং পরে পুলিশকে খবর দেন। খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, “উপজেলা পরিষদের প্রাচীরের পাশ থেকে লুট হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!