সারাদেশ

সিলেটে কাজে যাওয়ার পথে সড়কে ঝরল ৮ শ্রমিকের প্রাণ

আপডেট: মে ০৩, ২০২৬ : ০৫:৪৯ এএম
সিলেটে কাজে যাওয়ার পথে সড়কে ঝরল ৮ শ্রমিকের প্রাণ

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নির্মাণ শ্রমিকবাহী একটি পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন।

আজ রোববার (৩ মে) সকাল ৬টা ২৫ মিনিটের দিকে দক্ষিণ সুরমার তেতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সিলেট থেকে একটি ডিআই পিকআপে করে নির্মাণ শ্রমিকরা কাজে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। পরে আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরও কয়েকজনকে মৃত ঘোষণা করা হয়।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের সুরুজ আলী (৬০), একই উপজেলার শেষস্তি গ্রামের আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি (৩৫), সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার মো. বদরুল (৩০) এবং দিরাই উপজেলার নুরনগর এলাকার মো. ফরিদুল (৩৫)। বাকি চারজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির বলেন, “দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চালকরা পলাতক রয়েছে, তাদের শনাক্তে অভিযান চলছে।”

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে বেপরোয়া গতির কারণে সংঘর্ষ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!