সারাদেশ

যত্রতত্র ময়লা ফেললে ফের জলাবদ্ধতা সৃষ্টি হবে: চসিক মেয়র

আপডেট: মে ০৫, ২০২৬ : ০৪:৩৫ এএম
যত্রতত্র ময়লা ফেললে ফের জলাবদ্ধতা সৃষ্টি হবে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেললে খাল ও নালা আবার ভরাট হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হবে। স্থায়ীভাবে জলাবদ্ধতা সমস্যা সমাধানে নাগরিক সচেতনতা অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন।

 মঙ্গলবার (৪ মে) নগরীর বহদ্দারহাট কাঁচা বাজার সংলগ্ন সড়ক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। মেয়র বলেন, “শুধু প্রকল্প বাস্তবায়ন করলেই হবে না, নগরবাসীর সচেতনতা ছাড়া জলাবদ্ধতা থেকে স্থায়ী মুক্তি সম্ভব নয়।” পরিচ্ছন্ন ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে তিনি সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত উচ্ছেদের নির্দেশ দেন।

পরে তিনি বহদ্দারহাট এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অধীনে চলমান খাল সংস্কার কাজ পরিদর্শন করেন। এ সময় পানি চলাচলে বাধা সৃষ্টি করা স্থাপনা ও প্রতিবন্ধকতা দ্রুত অপসারণের নির্দেশ দেন।

মেয়র স্থানীয়দের চলাচলের সুবিধার্থে একটি বেইলি ব্রিজ নির্মাণের নির্দেশনাও দেন। এরপর তিনি ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের ফরিদার পাড়া এবং ৬ নম্বর ওয়ার্ডের খাজা রোড এলাকায় নালা ও খাল পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেন।

চসিক সূত্র জানায়, আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে নগরীর বিভিন্ন ওয়ার্ডে মাসব্যাপী নালা-নর্দমা ও খাল পরিষ্কার কার্যক্রম চলছে। জলাবদ্ধতা কমাতে মাঠপর্যায়ে তদারকি জোরদার করা হয়েছে এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!