সারাদেশ

খুলনাঞ্চলে ৫৬৩ কোটি টাকার আম বাণিজ্যের সম্ভাবনা

আপডেট: মে ০৬, ২০২৬ : ০৫:২৪ এএম
খুলনাঞ্চলে ৫৬৩ কোটি টাকার আম বাণিজ্যের সম্ভাবনা

চলতি ২০২৫–২৬ অর্থবছরে খুলনাঞ্চলে আম উৎপাদন ও বাণিজ্যে প্রায় ৫৬৩ কোটি টাকার সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূলে থাকলে এ অঞ্চলে আম উৎপাদন দাঁড়াতে পারে ১ লাখ ১২ হাজার ৭০০ মেট্রিক টনে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের তথ্য অনুযায়ী, এবার খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল জেলায় মোট ৭ হাজার ৭৫৩ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। গত বছর এ আবাদ ছিল ৭ হাজার ৭৪০ হেক্টর। অর্থাৎ এ বছর আবাদ বেড়েছে ১৩ হেক্টর।

কৃষি বিভাগ জানিয়েছে, প্রতি কেজি আম গড়ে ৫০ টাকা দরে হিসাব করলে সম্ভাব্য বিক্রয়মূল্য দাঁড়ায় প্রায় ৫৬৩ কোটি ৫০ লাখ টাকা। পাশাপাশি এ বছর প্রায় ১০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানির সম্ভাবনাও রয়েছে।

কৃষি কর্মকর্তারা জানান, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ—বিশেষ করে শিলাবৃষ্টি না হলে এ অঞ্চলের আম উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে। এতে স্থানীয় কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি দেশের পুষ্টি চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে সাতক্ষীরা জেলা প্রশাসন অপরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাত ঠেকাতে আগাম আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ করেছে। আইনশৃঙ্খলা বাহিনী ও কৃষি বিভাগের সহায়তায় এ বিষয়ে নজরদারি জোরদার করা হয়েছে।

নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী ৫ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাসসহ বিভিন্ন স্থানীয় জাতের আম সংগ্রহ শুরু হচ্ছে। ১৫ মে থেকে হিমসাগর, ২৭ মে থেকে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি বাজারে আসবে।

খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে আম উৎপাদন ও বিপণন উভয় ক্ষেত্রেই ভালো ফল পাওয়া যাবে। অপরিপক্ব আম সংগ্রহ না করতে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।

সাতক্ষীরার আমচাষি মো. সেলিম বলেন, এবার ফলন ভালো হয়েছে, গাছে প্রচুর আম রয়েছে। অনুকূল আবহাওয়া থাকলে ভালো দামে বিক্রি করা সম্ভব হবে।

কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, সাতক্ষীরার আম দেশের পাশাপাশি বিদেশেও রপ্তানি হয়। তাই মান বজায় রাখা ও অপরিপক্ব আম সংগ্রহ রোধে কঠোর নজরদারি চলছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!