রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সশস্ত্র হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) এক সদস্য নিহত হয়েছেন। শনিবার (৯ মে) ভোরে সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শুকনোছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হেগেরা চাকমা (৫০) সাজেক ইউনিয়নের রেতকাবা এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে শুকনোছড়া এলাকায় বসবাস করছিলেন এবং ইউপিডিএফ-প্রসীত গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সাংগঠনিক কাজের উদ্দেশ্যে বের হলে শুকনোছড়া এলাকায় একদল সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় গুলি চালালে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
সাজেক ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শুকনোছড়া এলাকায় হেগেরা চাকমা নামের এক ইউপিডিএফ সদস্যকে হত্যা করা হয়েছে।” তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলটি দীঘিনালা ও সাজেক ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা। সেখানে ইউপিডিএফ (প্রসীত) ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) উভয় পক্ষেরই তৎপরতা রয়েছে।
ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, নিহত হেগেরা চাকমা তাদের সংগঠনের কর্মী ছিলেন। তাকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করে তিনি ঘটনার তীব্র নিন্দা জানান।
এ ঘটনায় প্রতিবাদে আগামী ১১ মে দীঘিনালা–বাঘাইছড়ি–সাজেক সড়কে অর্ধদিবস সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, “গুলিতে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। বিস্তারিত পরে জানা যাবে।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!