সারাদেশ

নালা-খালে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চসিক মেয়রের

আপডেট: মে ১১, ২০২৬ : ০৪:৫৬ এএম
নালা-খালে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চসিক মেয়রের

নগরীর নালা-খালে ময়লা–আবর্জনা ফেলা ও অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন–এর মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, যত্রতত্র বর্জ্য ফেলার কারণেই নগরীতে জলাবদ্ধতা পরিস্থিতি আরও প্রকট হচ্ছে।

রোববার নগরীর দেওয়ান বাজার ও জামাল খান ওয়ার্ডে পরিচালিত মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম ও ক্র্যাশ প্রোগ্রাম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, নালা ও খালে ময়লা জমে পানি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই জলজট ও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। নগরবাসীর দুর্ভোগ কমাতে চলমান পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

তিনি বলেন, যারা নালা-খালে ময়লা ফেলবে, অবৈধ দখল করবে কিংবা পরিচ্ছন্নতা কার্যক্রমে বাধা দেবে, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত অভিযান চালিয়ে জরিমানা ও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।

পরিদর্শনের সময় মেয়র সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত মাটি অপসারণ ও পানি নিষ্কাশনের কাজ শেষ করার নির্দেশ দেন। তিনি বলেন, বর্তমানে পাইপের মাধ্যমে পানি নিষ্কাশন করা হলেও ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার ঝুঁকি থেকে যাচ্ছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে চলমান কাজ শেষ করতে হবে।

এ সময় তিনি ৩৪ ব্রিগেড আর্মি ইঞ্জিনিয়ারিং টিম–কে দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, শুধু সিটি করপোরেশনের পক্ষে জলাবদ্ধতা সমস্যার সমাধান সম্ভব নয়। পরিচ্ছন্ন নগর গড়তে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগ ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!