সারাদেশ

দিনাজপুরে জমি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা ও ভাই খুন

আপডেট: মে ১২, ২০২৬ : ০৬:০৩ এএম
দিনাজপুরে জমি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা ও ভাই খুন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে ছেলের হাতে বাবা ও ভাই খুন হয়েছেন। আজ মঙ্গলবার (১২ মে) সকাল ৭টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মন্ডলপাড়ার মৃত আব্দুল জব্বারের ছেলে শহিদুল ইসলাম দুলু (৭০) এবং তার ছেলে কাবিল (৩২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহিদুল ইসলামের দুই স্ত্রী এবং তাদের সন্তানদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি ধান কাটার পর জমি ভাগ করে দিলেও ভুট্টা চাষের জমির ভাগ নিয়ে আবারও বিরোধের সৃষ্টি হয়।

মঙ্গলবার ভোরে ওই ভুট্টাক্ষেতের বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে শহিদুল ইসলামের দুই ছেলে সাকিব (১৮) ও সাদিকুল (৩০) লোহার রড দিয়ে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ঘটনাস্থলেই বাবা শহিদুল ইসলাম মারা যান। গুরুতর আহত অবস্থায় ছেলে কাবিলকে স্থানীয়রা উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত দুই ভাই পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!