সারাদেশ

সুনামগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪০

আপডেট: মে ১৩, ২০২৬ : ০৩:৪৬ এএম
সুনামগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪০

সুনামগঞ্জের দিরাই উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের দুটি বিলের দখল ও ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে মনির পক্ষ ও স্থানীয় ইউপি সদস্য সাহাদিপ মেম্বারের পক্ষের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। প্রায় দুই ঘণ্টা ধরে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষে মনির পক্ষের অন্তত ৩০ জন এবং সাহাদিপ পক্ষের ১০ জন আহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে সিলেটে পাঠানো হয়েছে।

আহত লুকমান বলেন, সাহাদিপ মেম্বারের পক্ষের লোকজন তাদের ওপর হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং দীর্ঘদিন ধরে তারা চাপে আছেন।

আরেক আহত রফিকুল মিয়া বলেন, হাওরে ধান কাটার সময় খবর পেয়ে তারা বাড়িতে এসে হামলার ঘটনা দেখতে পান। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!