সারাদেশ

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু

আপডেট: মে ১৬, ২০২৬ : ০৪:৩৭ এএম
ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার রূপসী ইউনিয়নের ভাট্টা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভাট্টা গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে তাইজ উদ্দিন (৪০) এবং মৃত মিয়া হোসেনের ছেলে আরশব আলী (৬০)। তারা দু’জনেই কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে ধানের খড় শুকানোর কাজ করছিলেন তাইজ উদ্দিন। এ সময় ঝড়ো বাতাসে ছিঁড়ে যাওয়া একটি বৈদ্যুতিক তার খড়ের নিচে পড়ে যায়। অসাবধানতাবশত ওই তারে স্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে পাশ দিয়ে যাওয়ার সময় প্রতিবেশী আরশব আলী ঘটনাটি দেখে তাইজ উদ্দিনকে উদ্ধার করতে এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফুলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল বাশার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!